ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ফেনীর মুহুরীগঞ্জ এলকায় সেতুর রেলিং ভেঙে লরি আটকে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ যানজটে দূরপাল্লারসহ সবধরনের যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। সন্ধ্যার দিকে লরিটি উদ্ধার করার পর খুব ধীরে চলাচল শুরু হয়।
তবে, চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো বেশ কয়েকঘণ্টা লাগবে বলে পুলিশ জানিয়েছে।
মহাসড়েকর মহীপাল হাইওয়ে থানার ওসি সালেহ্ আহম্মদ পাঠান জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফেনীর মুহুরীগঞ্জ সেতুর রেলিং ভেঙে একটি মালবাহী কন্টেইনার ঝুলে পড়ে। এতে সড়কে দুপাশে কয়েকশ যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পড়ে।
মহীপাল হাইওয়ে থানা পুলিশ ও মহাসড়কের ফেনী অংশের আরো তিন ফাঁড়ির পুলিশ লরিটি উদ্ধার অভিযান চালায়। ইতোমধ্যে মুহুরীগঞ্জের দুপাশে সড়কে অন্তত ৮০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
ওসি সালেহ্ আহম্মদ আরো জানান, পুলিশের ব্যবহৃত কয়েকটি রেকারের (ক্রেইন) সাহায্যে দুর্ঘটনা কবলিত লরিটি উদ্ধার করতে ব্যর্থ হলে রেলওয়ে ডাবল লেনের বড় দুটি ভারি ক্রেইন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
১২ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল শুরু হয়।
তবে যনজট স্বাভাবিক হতে আরো অন্তত ৬ ঘণ্টা লাগবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তীব্র যানজটের কারণে দূরপাল্লার যাত্রীরা হেঁটে, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ছোট যানবাহনে করে চলাচল করছে।
কলকাতায় চিকিৎসা শেষে যশোরের বেনাপোল থেকে বাসে চট্টগ্রাম যাচ্ছিলেন হাফিজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বেনাপোল থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়না দেন। যানজটে ৯ ঘণ্টা আটকে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
বিজয় ধর নামে এক ব্যক্তি চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার রাত ১০টায় বাসে ওঠেন ঢাকার উদ্দেশে। ২১ ঘণ্টা শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকা পৌঁছেছেন।
