ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার দুপুরে ভাটিয়ারী থেকে বার আউলিয়া পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানচলাচল স্থবির হয়ে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্য দিবস হওয়ায় সড়কে পণ্যবাহী ট্রাক-লরি ও বাসের চাপের মধ্যেই বিকালে মহাসড়কের ভাটিয়ারী অংশে একটি ট্রাক নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার রাতে ভাটিয়ারী, বার আউলিয়া, সীতাকুণ্ড, কুমিরা ও মিরসরাইয়ের কিছু অংশে যানজট ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে ভারি ট্রাক সরানোর মত ক্রেন নেই। স্থানীয় শিপ ইয়ার্ড থেকে ব্যক্তি মালিকানায় ক্রেন জোগাড় করে তা সরানো হয়েছে।
“ততক্ষণে যানজট শুরু হয়ে গেছে। সেই জট শুক্রবার সকালেও শেষ হয়নি।”
চট্টগ্রামগামী বাসযাত্রী বিজয় সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বার আউলিয়া থেকে ভাটিয়ারী পৌঁছাতে চার ঘণ্টা সময় লেগেছে।
সীতাকুণ্ডের স্থানীয়রা জানান, গত সপ্তাহের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি চার লেনের কোনো কোনো অংশ খুলে দেয়া হলেও সংলগ্ন অন্য অংশের কাজ চলছে। এতে খুলে দেয়া অংশ দিয়ে যানবাহন পার হওয়ার পর আবার সড়কের অপেক্ষাকৃত সরু অংশে প্রবেশের সময় গাড়ির গতি কমে যায়, যার কারণে যান চলাচলের গতি কমে যায়।
চার লেনের কাজের জন্য জড়ো করা মাটি বৃষ্টিতে কাদায় পরিণত হয়ে সড়কের বিভিন্ন অংশে ছড়িয়ে আছে।
হাইওয়ে পুলিশের কুমিরা অঞ্চলের পরিদর্শক জিল্লুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্ষার আগে মহাসড়কের কাজ শেষ হলে এ সমস্যা হতো না।
“মহাসড়কে যদি গাড়ি স্পিড তুলতে না পারে তাহলে যানজট হবেই। এছাড়া বাস চালকরা বেপোরোয়া গতিতে গাড়ি চালায়। চার লেনের খুলে দেয়া অংশে ঢুকে পড়ে তীব্র গতিতে। কিন্তু বের হওয়ার সময় প্রশস্ত সড়ক না পেয়ে আটকা পড়ে।”
