আরেকজনের পরীক্ষায় দিতে গিয়ে কারাগারে
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন রাজশাহী সিটি কলেজের এক শিক্ষার্থী।
শুক্রবার পরীক্ষা চলাকালে আটক সানোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে। সানোয়ার রাজশাহী সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির জানান, টাকার বিনিময়ে ওই শিক্ষার্থী আরেকজন পরীক্ষার্থীর হয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষায় অংশ নেন।
তাকে দেখে সন্দেহ হলে তার বাবার ও মায়ের নাম জানতে চাওয়া হয়, কিন্তু তিনি কারো নাম বলতে পারেননি।
পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, টাকার বিনিময়ে তিনি বদলি পরীক্ষা দিতে এসেছিলেন।
ম্যাজিস্ট্রেট আলমগীর কবির আরো জানান, ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে সঙ্গে সঙ্গে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
