রফিউর রাব্বির ওপর হামলা
নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির ওপর হামলা হয়েছে।
শুক্রবার বিকালে শহরের চারারগোপ এলাকায় নিজের সংগঠনের প্রচারপত্র বিতরণের সময় জাতীয় পার্টির কর্মীরা পুলিশের উপস্থিতিতেই তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন রাব্বি।
হামলায় রাব্বি ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, আরিফ বুলবুল, মনির হোসেন, অমল আকাশ, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেনসহ ১০ জন আহত হন।
প্রদীপ ঘোষ বাবু বলেন, বিকেলে তারা শহরের আমলাপাড়া, কালীর বাজার, স্বর্ণপট্টি এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের প্রচারপত্র বিতরণ করছিলেন।
“ওই সময় সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মিজান একটি লিফলেট চেয়ে নেন। আমরা কালীর বাজারে লিফলেট বিতরণ শেষে চারারগোপ এলাকায় গেলে সেখানে আমাদের পথরোধ করেন এসআই মিজান।”
জাতীয় পার্টির কিছু নেতাকর্মীও সেখানে পুলিশের সঙ্গে ছিল। এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা ত্বকী মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে উপস্থিত হন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন।
“তার ও পুলিশের উপস্থিতিতেই জাতীয় পার্টির নেতাকর্মীরা ত্বকী মঞ্চের আহ্বায়ক রাব্বি ও তার সহকর্মীদের ওপর হামলা করে”, বলেন আইনজীবী প্রদীপ।
এ বিষয়ে আকরাম আলী শাহিন বলেন, “ত্বকী মঞ্চের কর্মীরা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিতর্কিত লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণের সময় তারা বলছে, খুনি ওসমান পরিবারকে ভোট দেবেন না।”
এ ব্যাপারে বৃহস্পতিবার তিনি সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান শাহীন।
“শুক্রবারও প্রচারপত্র বিতরণ করার খবর পেয়ে আমি সদর মডেল থানাকে অবহিত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ করি। পুলিশ আসার পর ত্বকী মঞ্চের কয়েকজন কর্মী দৌড়ে পালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তাদের ধাওয়া করে,” বলেন তিনি।
সদর মডেল থানার এসআই মিজান বলেন, লিফলেট বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনার পর রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, “এ ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে ওদের (ওসমান পরিবার) হাতে কেউ নিরাপদ নয়।”
হামলার ঘটনায় থানায় মামলা করা হয়নি বলে জানান রাব্বি।
পুলিশের উপস্থিতিতেই হামলা হওয়ায় মামলা করে কতটা সুবিধা পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
