রফিউর রাব্বির নিরাপত্তায় পুলিশ
নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনে প্রার্থী নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির নিরাপত্তায় পুলিশ দেয়া হয়েছে।
রাব্বি বলেছেন, তিনি কোনো আবেদন না করলেও প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও গানম্যান দেয়া হয়েছে।
তাকে নিরাপত্তা দেয়ার দাবি জানিয়ে কয়েকদিন আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছিলেন, নইলে রাব্বির কিছু হলে সে দায় তার ওপর চাপানো হবে।
নারায়ণগঞ্জে সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রাব্বি তার স্কুলপড়ুয়া ছেলে তানভীর মোহম্মদ ত্বকীকে হত্যার জন্য ওসমান পরিবারকে দায়ী করে আসছেন।
ত্বকী হত্যার বিচারের দাবিতে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গঠন করে আন্দোলন এগিয়ে নিচ্ছেন রাব্বি, সেই আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বলে জানিয়েছেন তিনি।
এর মধ্যেই বুধবার থেকে স্বতন্ত্র প্রার্থী রাব্বি নিরাপত্তায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চারজন কনস্টেবল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ছবি: ফেইস বুক
নারায়ণগঞ্জে সাম্প্রতিক আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের কথপোকথনের অডিওটেপ প্রকাশ হওয়ার পর সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের দাবি জানান রাব্বি।
তখন ফোনালাপের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামীম উপনির্বাচনে প্রার্থী রাব্বির নিরাপত্তা দাবি করেন।
রাব্বি যে আসনে প্রার্থী হয়েছেন, সেখানে সংসদ সদস্য ছিলেন শামীমের ভাই নাসিম ওসমান।
জাতীয় পার্টির এই সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য এই আসনে দলটি শামীমের আরেক ভাই সেলিম ওসমানকে মনোনয়ন দিয়েছে।
আওয়ামী লীগ এই উপনির্বাচনে অংশ নিচ্ছে না। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে তারা।
