২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে রাষ্ট্রপতির সংবর্ধনা বাতিল

সংবর্ধনা কমিটিতে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে রাষ্ট্রপতি আবদুল হামিদের ‘সার্বজনীন সংবর্ধনা’ বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 10:33 AM

Updated : 13 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার সন্ধ্যায় সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

শেষ মুহূর্তে নিরাপত্তার অজুহাত দেখিয়ে রাষ্ট্রপতির সংবর্ধনা বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান গ্রুপগুলো পরস্পরকে দায়ী করেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, “ষড়যন্ত্রের কারণে প্রবাসীরা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে রাষ্ট্রপতির বক্তব্য শুনতে পারলেন না। কারণ এ সংবর্ধনা কমিটিতে ছিলেন বিএনপি, জাতীয় পার্টি, জাসদের প্রতিনিধিরাও।”

অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ১৭ জুন মঙ্গলবার দুপুরে সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, সার্বজনীন সংবর্ধনা কমিটির নামে একাত্তরের চিহ্নিত আলবদর, জামায়াতের রোকন এবং যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতির পিতাকে মানে না- এমন লোকজনকে রাখা হয়। এছাড়া আরো কিছু লোকের নাম দেয়া হয়েছে যারা এ ব্যাপারে কিছুই জানেন না।

অবশ্য ড. সিদ্দিকুর রহমান দাবি করেছেন যে, “রাষ্ট্রপতির সংবর্ধনায় বিএনপিসহ সকলের সম্পৃক্ততা ঘটিয়ে প্রবাসে রাজনৈতিক সংস্কৃতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলাম।”

বিদ্রোহী গ্রুপের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য জসিমউদ্দিন খান মিঠু।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী কমান্ডার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগের সেক্রেটারি ফরিদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী মোরশেদা জামান, স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি দরুদ মিয়া রনেল, আওয়ামী লীগ নেতা শরাফ সরকার এবং মাসুদ হোসেন সিরাজি। 

এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্মস্থান কিশোরগঞ্জের প্রবাসীদের উদ্যোগে ১৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় নিউইয়র্কের গুলশান টেরেসে একটি সংবর্ধনার জোর প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ ফজলুল হক এবং সেক্রেটারি শাহিনুর খান এক বিবৃতিতে প্রবাসীদের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার বলিভিয়া থেকে নিউ ইয়র্ক পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিউ ইয়র্ক অবস্থানকালে প্রবাসীদের দুটি সমাবেশে বক্তব্য দেয়ার কথা ছিল রাষ্ট্রপতির। এছাড়া বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি।