দুই মামলায় রেলে ইউসুফ মৃধার বিচার শুরু
নিয়োগ দুর্নীতির দুটি মামলায় পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ আটজনের বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমানের আদালতে টিকিট ইস্যুয়ার ও টুল কিপার পদে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরুর আদেশ দেয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক আগামী ৬ ও ৭ অগাস্ট মামলা দুটির সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন।
টিকিট ইস্যুয়ার পদে অনিয়মের অভিযোগে তিন রেল কর্মকর্তা ও এক নিয়োগ প্রার্থী এবং টুল কিপার পদে সাবেক তিন রেল কর্মকর্তা ও চার নিয়োগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত ১ জুন বিকালে মামলা দুটির অভিযোগ গঠনের শুনানি হয়েছিল। মঙ্গলবার বিচারক অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণের তারিখ দেন।
যে তিন রেল কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং নিয়োগ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।
টিকিট ইস্যুয়ার পদের মামলার অন্য আসামি হলে নিয়োগ প্রার্থী শাহীন শাহ।
টুল কিপার পদে অন্য চার আসামি হলেন এস এম আজিজুল হক, এ এস এম সাইদুর রহমান, মো.রবিউল হাসান ও মো. আশরাফুল ইসলাম।
পূর্ব রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
এর আগে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে অনিয়মের মামলায় মৃধাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল।
