নূর হোসেনকে ফেরত আনার দাবি নিহতদের স্বজনের
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার নূর হোসেনকে ফেরত আনার পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে নারায়ণগঞ্জে মিছিল-মানববন্ধন করেছে নিহতদের স্বজনরা।
রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও মিছিলে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, শ্বশুর শহীদুল ইসলাম, ভাই আবদুস সালামও ছিলেন।
এছাড়া নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই রিপন, নিহত লিটনের ভাই মিন্টু, তাজুল ইসলামের ভাই রাজুসহ নিহত ৫ পরিবারের সদস্যসহ কয়েকশ’ মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
মৌচাক এলাকায় মানববন্ধনের পর মিছিল শুরু হয়ে শিমরাইল ট্রাক স্ট্যান্ডে (যা নূর হোসেনের নিয়ন্ত্রণে ছিল) গিয়ে শেষ হয়।এসময় মহাসড়কে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।
শহীদুল বলেন, “আমাদের সরকার তো নূর হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু ভারত সরকার পেরেছে।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচারে আলাদা ট্রাইবুন্যাল গঠনের দাবি জানিয়ে নজরুলের শ্বশুর বলেন, “দেশবাসী ও আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। না হলে আমাদের আন্দোলন চলতেই থাকবে।”
শহীদুলই প্রথম অভিযোগ করেছিলেন, কাউন্সিলর নূর হোসেন ৬ কোটি টাকা দিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করিয়েছে।
গ্রেপ্তার নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নাম বেরিয়ে আসবে বলে মনে করেন শহীদুল।
“আমি চাইছি, নূর হোসেনকে জীবিত আনা হোক। তাকে এখন আর কেউ মেরে ফেলতে পারবে না। আমার দাবি, অতি তাড়াতাড়ি এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য।”
