২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনকে ফেরত ‘আনা হচ্ছে’

ভারতে গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 12:17 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

এক্ষেত্রে আইনি কোনো সমস্যা নেই বলে জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী নূর হোসেনকে ফেরত আনা হবে।

কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকার হত্যাকাণ্ডের দেড় মাস পর শনিবার ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন নূর হোসেন। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছিল বাংলাদেশ পুলিশ।

আলোচিত এই হত্যাকাণ্ডের আসামিকে বিদেশে গ্রেপ্তারের পর তাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার বিষয়টি আলোচনায় উঠে আসে।

এই বিষয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

ওবায়দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন,নূর হোসেনকে ফিরিয়ে আনতে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ও ভারতের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে।

নূর হোসেনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ এনেছে পশ্চিমবঙ্গ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য রোববার তাকে আদালতের মাধ্যমে হেফাজতেও নিয়েছে তারা।

Image
নূর হোসেন (রোববারের ছবি)

নূর হোসেন (রোববারের ছবি)

এই মামলায় নূর হোসনের বিচার ভারতে শুরু হলে তাকে আনার ক্ষেত্রে দেরি হবে কি না কিংবা আনার প্রক্রিয়াটি কী হবে, তা জানতে চাওয়া হয় আসাদুজ্জামান কামালের কাছে।

তিনি বলেন, “আমরা (সরকার) নূর হোসেনের নাম ও ছবি ইন্টারপোলের মাধ্যমে সারা বিশ্বে দিয়েছিলাম। সেই অনুযায়ী ভারত সরকার তাকে গ্রেপ্তার করেছে।

“আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় (বন্দি প্রত্যর্পণ) চুক্তি হয়েছে। সেই অনুয়ায়ীই তাকে শিগগিরই ফিরে আনা হবে।”

এই প্রক্রিয়াটি কিভাবে সারা হবে- জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপ-সচিব নাম প্রকাশ না করার শর্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর হোসেনকে আনতে হলে প্রথমে পুলিশকে তার বিরুদ্ধে অভিযোগপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠাবে। সেই সব কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর নূর হোসেনকে আনা যাবে বলে জানান এই উপসচিব।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, নূর হোসেনকে ফেরত আনার বিষয়ে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তিনি।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সাতজন অপহৃত হওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর নূর হোসেনকে দেখা গেলেও ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে লাশ উদ্ধারের পর উধাও হয়ে যান তিনি।

এরপর র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়,নূর হোসেন পালিয়ে ভারতে চলে গেছেন।

Image
নূর হোসেন (ফাইল ছবি)

নূর হোসেন (ফাইল ছবি)

অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়, যা পরে হত্যামামলায় রূপান্তরিত হয়।

নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের অভিযোগ, নূর হোসেন ও তার সহযোগীরা র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করিয়েছে।

এরপর উচ্চ আদালতের নির্দেশে ওই সময়ে নারায়ণগঞ্জে দায়িত্বে থাকা তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, যাদের দুজন হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

পরিবহন শ্রমিক থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর হওয়া নূর হোসেন শীতলক্ষ্যার তীরে অবৈধ বালু ব্যবসাসহ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা চালাতেন বলে অভিযোগ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ ট্রাকস্ট্যান্ডে তার কয়েকটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুরনো খবর:

নূর হোসেন ৮ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার