আইয়াজ হত্যা: গ্রেপ্তার ২ কলেজছাত্র রিমান্ডে
ঝিগাতলায় আইয়াজ হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ঢাকা সিটি কলেজের দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার বিকালে হত্যাকাণ্ডের পরপরই জনতা ইনজামামুল ইসলাম জিসান ও তৌহিদুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছিল।
রাতে আইয়াজের বাবা শহিদুল হক ধানমণ্ডি থানায় যে মামলা করেন, তাতে জিসান ও তৌহিদসহ ছয়জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে আসামি করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুজনকে ঢাকার আদালতে পাঠায় পুলিশ। ধানমণ্ডি থানার এসআই মহিদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন।
শুনানি শেসে ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।
জিসান ও তৌহিদ সিটি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। ফুটবল টুর্নামেন্টের চাঁদা তোলা নিয়ে ওই বিভাগের সঙ্গে বিজ্ঞান বিভাগের ছাত্রদের দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে আইয়াজ খুন হয় বলে পুলিশ জানায়।
দুই দলের দ্বন্দ্বে সোমবার দুপুরে কলেজে অন্য পক্ষের হামলার মুখে পড়েছিলেন আশদীন। এরপর বিকালে জিগাতলায় দুই পক্ষের সংঘর্ষের সময় খুন হন আইয়াজ।
আইয়াজের বাবার করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
