২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রদের দ্বন্দ্বে স্কুলছাত্রকে হত্যা

ফুটবল টুর্নামেন্টের চাঁদা তোলা নিয়ে ঢাকা সিটি কলেজের দুই দল শিক্ষার্থীর দ্বন্দ্বে জিগাতলায় হামলায় মারা গেছে এক স্কুলছাত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার বিকালের এই ঘটনায় নিহত আইয়াজ উদ্দিন হক গভর্নমেন্ট ল্যাবরেটরিজ স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

একটি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বে আশপাশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ার পর এই হত্যাকাণ্ড ঘটেছে বলে  পুলিশ জানিয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদুল হকের ছেলে আইয়াজ পরিবারের সঙ্গে কলাবাগানে থাকত। তার বড় ভাই আশদীন হক ঢাকা সিটি কলেজে দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়েন।

কলেজে ফুটবল টুর্নামেন্টের চাঁদা উঠানো নিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে সোমবার দুপুরে মারধরের শিকার হন আশদীন।

নিজের ওপর হামলাকারী হিসেবে শুভ, জিসান, মশিউরসহ কয়েকজনের নাম উল্লেখ করে আশদীন অভিযোগ করেছেন, এরাই তার ভাইকে হত্যা করেছে।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) অশোক কুমার চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা দুই গ্রুপের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আইয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা অশোক জানান।

তবে ধানমণ্ডি থানার এএসআই জাহাঙ্গীর হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “বিকালে জিগাতলা এলাকায় বিজিবির চার নম্বর গেইটের সামনে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমি লাশটি ঢাকা মেডিকেলে নিয়ে আসি।”

আইয়াজের ওপর হামলাকারী দুজনকে জনতা ধরে পুলিশে দিয়েছ।

আইয়াজের ভাই আশদীন সাংবাদিকদের বলেন, কলেজ ফুটবল টুর্নামেন্টের চাঁদা ওঠানো নিয়ে কয়েকদিন ধরে বিজ্ঞান বিভাগের ছাত্রদের সঙ্গে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের দ্বন্দ্ব চলছিল।

এর জের ধরে গত শনিবার ও সোমবার দুপুরে কলেজের নিচে শুভ, জিসান, মশিউরসহ ব্যবসায় শিক্ষা বিভাগের ১০/১৫ জন আশদীনকে মারধর করে।

“এরপর বিকালেই জানতে পারি, আমার ছোট ভাইকে হত্যা করা হয়েছে। ওরাই...ওরাই আমার ভাইকে মেরেছে,” বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আইয়াজের পিঠে ছুরিকাঘাতের দুটি জখম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মধ্য বয়সী এক নারী স্বজন হাসপাতালে আহাজারি করছিলেন, “ওকে পিটিয়ে জখম করে মেরেছে...ওর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে শহীদুল হক কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, “ওরা পিটিয়ে আমার ছেলের পা-ও ভেঙে দিয়েছে।”

আইয়াজের বাবা জানান, বিকালে ইস্টার্ন প্লাজা থেকে বাড়ি ফেরার সময় খবর নিতে ছোট ছেলের মোবাইলে ফোন করে পুলিশের কাছে খবরটি পান।

“একটা অপরিচিত কণ্ঠ ফোন ধরে বলে, ‘স্যার, আমি ধানমণ্ডি থানার এএসআই জাহাঙ্গীর। আপনার ছেলে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। আপনি এখনি চলে আসেন’।”

খবর পেয়ে হাসপাতালে ছুটে এলেও ছেলেকে আর জীবিত পাননি শহীদুল। 

ছেলের মৃত্যুর জন্য কাকে দায়ী করছেন- সাংবাদিকদের প্রশ্নে তিনি কান্নাজড়িত কণ্ঠেই বলেন, “সময় হলে আমি আপনাদের সব বলবো-কিভাবে আমার ছেলে মারা গেল। প্লিজ এই মুহূর্তে আপনারা আমাকে কোনো প্রশ্ন করবেন না।”

শহীদুল জানান, আইয়াজ কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিল। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল সে।

আইয়াজের বন্ধুরা চুপ

আইয়াজ কিভাবে মারা গেল, কেনই বা সে জিগাতলা গেল, কাদের সঙ্গে গেল- সেই প্রশ্নের কোনো উত্তর মিলছে না কারো কাছ থেকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইয়াজের বেশ কয়েকজন বন্ধুকে নিজেদের মধ্যে কথা বলতে দেখা গেলেও অপরিচিত কেউ কাছে যেতেই তারা কথা থামিয়ে দিচ্ছিল।

প্রথম শ্রেণি থেকে আইয়াজের সহপাঠি সাকলাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাইয়া, আমরা সত্যিই কেউই জানি না, কারো সঙ্গে আইয়াজের শত্রুতা ছিল কি না।

“আমরা শুনেছি ও মারা গেছে। শুধু এ কারণেই ওকে এক নজর দেখতে হাসপাতালে এসেছি।”

হাসপাতালে জড়ো হওয়া আইয়াজের অর্ধশত বন্ধুর কেউ মুখ খোলেনি। প্রশ্ন করা হলেই সবার কাছ থেকে একই উত্তর আসে- “আমরা কিছু জানি না।”

এই ছাত্রদের অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক রোগীর মধ্যবয়সী স্বজন মো. সালাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেগুলার চোখ কইতাসে ওরা জানে, কিন্তু এখন ভয়ে কিছু বলতে চাইছে না।”

আইয়াজ সম্পর্কে বলতে গিয়ে সাকলাইন বলেন, “ওকে ছাড়া আমাদের আড্ডার আসর কখনো জমত না। ও নেই এটা আমি মেনে নিতেই পারছি না।”