২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়াজ খুনে ৬ জনকে আসামি করে মামলা

ঝিগাতলায় আইয়াজ হক হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার, এর মধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 07:43 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

ফুটবল টুর্নামেন্টের চাঁদা তোলা নিয়ে ঢাকা সিটি কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে বিরোধের জের ধরে সোমবার রাজধানীতে খুন হন আইয়াজ।

আইয়াজ এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। তার বড় ভাই সিটি কলেজে পড়েন। তাদের বাসা কলাবাগানে।

আইয়াজের বাবা সোমবার রাতে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ১০/১২ জনকে আসামি করে হত্যামামলা করেন বলে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান জানিয়েছেন।

আসামির তালিকায় ইনজামামুল ইসলাম জিসান ও তৌহিদুল ইসলাম নামে সিটি কলেজের দুজন ছাত্রের নাম রয়েছে। এই দুজনকে ঘটনার পরপরই ধরে পুলিশে দিয়েছিল জনতা।

মামলার অন্য আসামিদের নাম জানতে চাইলে পুলিশ কর্মকর্তা অশোক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মুহূর্তে তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে চাইছি না। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেপ্তারকৃতরা এরইমধ্যে পুলিশের কাছে হত্যার বিষয়ে তথ্য দেয়া শুরু করেছে বলেও জানান তিনি।

সিটি কলেজের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বে আশপাশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ার পর আইয়াজ হত্যাকাণ্ডের শিকার হয় বলে পুলিশ জানিয়েছে।

আইয়াজ খুন হওয়ার আগে সোমবার দুপুরের দিকে মারধরের শিকার হন তার বড় ভাই আশদীন হক।

নিজের ওপর হামলাকারী হিসেবে আটক জিসান এবং শুভ ও মশিউরসহ কয়েকজনের নাম উল্লেখ করে আশদীন অভিযোগ করছেন, এরাই তার ভাইকে হত্যা করেছে।

পুরনো খবর:

কলেজছাত্রদের দ্বন্দ্বে স্কুলছাত্রকে হত্যা