কয়েদির মৃত্যু ‘আত্মহত্যায়’: তদন্ত কমিটি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির 'অস্বাভাবিক' মৃত্যুর ঘটনাকে 'আত্মহত্যা' বলে প্রতিবেদন দিয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
রোববার কারা মহাপরিদর্শকের কাছে জমা দেয়া ওই প্রতিবেদনে কারারক্ষীদের 'গাফিলতিকে' দায়ী করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও উপ-কারা মহাপরিদর্শক অসীম কান্ত পাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করতে না পারলেও পারিবারিক ও মানসিক অশান্তি এবং বিভিন্ন চাপে জাকির হোসেন (৩৫) আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।”
তিনি বলেন, কারাগারে দায়িত্বরত কারারক্ষীদের আরও দায়িত্ববান হওয়ার দরকার ছিল।
এর আগে সকালে কয়েদি মৃত্যুর ঘটনায় জেল সুপার, জেলারসহ ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. ইয়াকুব কায়সার।
জাকিরের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে কারা কর্মকর্তা অসীম কান্ত পাল বলেন, “আরও কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”
এছাড়া তদন্ত প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি।
অসীম বলেন, আত্মহত্যার দিন কারাগারে দায়িত ¡পালন করা তিনজন কয়েদী এবং জাকিরের সঙ্গে থাকা কয়েকজন কয়েদী এবং কারা কর্মকর্তাসহ মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেছে তদন্ত কমিটি।
তিনি বলেন, “জাকির তার শ্বশুরের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০০৭ সাল থেকে কারাগারে ছিলেন।"
গত ৩ জুন রাত ৮টার দিকে কারাগারে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে জাকির ‘আত্মহত্যার’ চেষ্টা করেন। ওই রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঘটনা তদন্তে পরদিন কারা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ।
ঘটনার পরদিন তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দায়িত্বে আবহেলার কারণে কারারক্ষী মো. আলমগীর ও জিয়াবুল নামে দুই কারারক্ষীকে সাময়িক বহিস্কার এবং মো. হাসান ও নাসির উদ্দিন নামে দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
এছাড়া কৃহস্পতিবার আনজু মিয়া ও হুমায়ন কবির নামে আরও দুই কারারক্ষীকে তাৎক্ষণিক বদলীর আদেশ দেয় কারা কর্তৃপক্ষ।
