২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েদির মৃত্যু: জেল সুপারের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জেল সুপার, জেলারসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 02:39 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার সকালের দিকে নিহত কয়েদি জাকির হোসেনের ভাই মো. ইয়াকুব কায়সার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন, যাতে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

বাদীর আইনজীবী মো. নাছির উদ্দিন জানান, জেল সুপার ছগির মিয়াসহ মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আহমেদ মুকুল, কারা হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান, সুবেদার আনজু মিয়া ও হুমায়ুন কবির, প্রধান কারারক্ষী মোহাম্মদ হোসেন, আব্দুর রশিদ, মোহাম্মদ আলমগীর ও জিয়াবুল ইসলাম।

গত ৩ জুন রাত ৮টার দিকে কারাগারে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে জাকির ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।  ওই রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আইনজীবী নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের বিরুদ্ধে জেল হাজতে পরস্পরের যোগসাজশে জাকিরকে হত্যার অভিযোগ আনা হয়েছে।”

বিচারক মশিউর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

জাকিরের মৃত্যুর পরপরই তার পরিবার দাবি করে আসছিল এটি হত্যাকাণ্ড।

এ ঘটনায় ৪ জুন দায়িত্বে অবহেলার অভিযোগে কারারক্ষী মোহাম্মদ আলমগীর ও জিয়াবুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া হাসান ও নাসির নামের দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার কথা জানিয়েছিলেন কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্তি পাল। ঘটনার তদন্তে ওইদিনই তিন সদস্যের কমিটিও করা হয়।

গত ৫ জুন সুবেদার আনজু মিয়া ও হুময়ন কবিরকে তাৎক্ষণিক বদলির আদেশ দেয়া হয়। যদিও নিয়মিত বদলির অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছিলেন অসীম কান্ত পাল। 

নিহত জাকির নগরীর কর্ণফুলী থানার নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০০৭ সাল থেকে ওই কারাগারে ছিলেন। তিনি কারাগারে কয়েদি-হাজতিদের হিসাব রাখার দায়িত্ব পালন করতেন।

পুরনো খবর:

চট্টগ্রামে কয়েদীর আত্মহত্যা
চট্টগ্রামে কয়েদীর আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি
চট্টগ্রাম কারাগারের দুই রক্ষী বদলি