২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের আরেক সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের আরো এক সহযোগীকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 12:54 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

গ্রেপ্তার জামানুর রহমান ওরফে চারসিল জামান নারায়ণগঞ্জে নূর হোসেনের মাদক ব্যবসা দেখাশোনা করতেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউনিয়নের দুর্গম চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় হয় বলে ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কর্মকার জানান।

Image
জামানুর রহমান ওরফে চারসিল জামান

জামানুর রহমান ওরফে চারসিল জামান

তিনি বলেন, জামান ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার মৃত মশিউর রহমানের ছেলে। গত ৩০ এপ্রিল নারায়গঞ্জে অপহৃত সাত জনের লাশ উদ্ধার হওয়ার পর নর্থ-চ্যানেল এলাকায় নিজের দ্বিতীয় স্ত্রী লিপি আক্তারের বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

এর আগে গত ১২ মে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকা থেকে নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রফিকুল ইসলাম রতনকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রাক শ্রমিক নেতা নূর হোসেনের সঙ্গে রতন কাচপুর-শিমরাইল এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।  

এছাড়া বিভিন্ন সময়ে মশিউর রহমান, মহিবুল্লা, কামাল হোসেন, শিপন, রিপন ও হারুন, ‘কিলার’ জসিম, হারুনুর রশিদ ও জোহা নামে নূর হোসেনের আরো কয়েক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। তিনি ভারতে পালিয়ে যেতে পারেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধারণা।

পুরনো খবর:

নূর হোসেনকে আটকাতে সীমান্তে সতর্কতা
নজরদারির মধ্যেই নূর হোসেন আত্মগোপনে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
নূর হোসেনকে ‘ক্রসফায়ারে’ না দেয়ার দাবি