গাড়ি খাদে পড়ে এক সেনা নিহত
কক্সবাজারের চকোরিয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
রোববার বেলা ১২টার দিকে চকোরিয়া ডিগ্রি কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল ) মো. মাসুদ আলম জানান।
নিহত গুলজার হোসেন ( ৩২ ) কক্সবাজার ১৬ ইসিবির গাড়ি চালক।
আহতরা হলেন- ১৬ ইসিবির সৈনিক মো. ফয়সাল হোসেন ( ৩৫ ), ঠিকাদার নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিচু কলোনি এলাকার জহুর আলীর ছেলে মো. আলমগীর ( ২৮) ও আতাউর রহমান (২৬)।
মাসুদ আলম জানান, সেনাবাহিনীর গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। চকোরিয়া কলেজ গেইট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে।
আহতদের উদ্ধার করে চকোরিয়ার জমজম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গাড়ির চালক গুলজারকে মৃত ঘোষণা করেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ ) পাঠানো হয়েছে বলে জানান তিনি।
