নাটোরে ক্লিনিক মালিক অপহৃত
নাটোরের বড়াইগ্রামের একটি ক্লিনিকের মালিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, নাটোর শহরে যাওয়ার পথে মঙ্গলবার দুপুরের পর কোনো এক সময় অপহৃত হন এমদাদুল হক ওরফে আনিস। তিনি উপজেলার লক্ষ্মীকোল বাজারের ডক্টরস ক্লিনিকের মালিক।
অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে দুইলাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অভিযোগে বুধবার বিকেলে নাটোর সদর থানায় মামলা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে এমদাদুল মোটরসাইকেল নিয়ে বড়াইগ্রামের আহম্মদপুর বাজার থেকে নাটোর শহরের উদ্দেশ্যে রওনা হন। এরপর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, “বিকাল ৪টায় এমদাদুলের মোবাইল ফোন থেকে থেকে তার বাবা মোজাহার আলীকে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একইসঙ্গে বিষয়টি পুলিশকে জানালে এমদাদুলকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়।”
এমদাদুল হকের শ্বশুর নজরুল ইসলাম বলেন, সন্ধ্যার পর এমদাদুলের ফোন বন্ধ পেয়ে ঘটনাটি তাৎক্ষণিক বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিমকে জানান তিনি। ওসি বলেন অপহরণের ঘটনাটি নাটোর সদর থানা এলাকায়, তাই বিষয়টি সদর থানাকে জানাতে হবে।
নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন বলেন, তারা মোবাইল ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছেন।
বুধবার সকালে অপহৃত ওই ব্যবসায়ীর ফোন থেকে তার পরিবারের একটি ফোনে এসএমএস পাঠিয়ে অপহরণকারীরা আবারও মুক্তিপণ দাবি করেছে। তারা বুধবার বিকাল ৪টা পর্যন্ত মুক্তিপণ পরিশোধের সময় বেঁধে দিয়েছে।
“আমরা অন্যান্য জেলাতেও পুলিশ পাঠিয়েছি। আশা করছি অপহৃত ব্যবসায়ীকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে,” বলেন ওসি।
