‘নাস্তিক ইমরানকে কবর দিতে রাজপথে থাকবো’
ইমরান এইচ সরকারকে ‘দেশের একমাত্র নাস্তিক’ অভিহিত করে তার কবর রচনা করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবু নগরী।
মঙ্গলবার বগুড়ার উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘শানে রেসালাত’ সম্মেলনে এ ঘোষণা করেন তিনি।
বাবুনগরী বলেন, “এদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান থাকতে পারবে। কিন্তু কোনো নাস্তিক থাকতে পারবে না।
“আমরা কারো পক্ষেও না, কারো বিপক্ষেও বলি না। শুধু ইসলামের কথা বলি। আমরা বলছি, আপনারা ৫০ কেন ১০০ বছর রাজত্ব করুন। কিন্তু খাঁটি মুসলমান হিসাবে রাজত্ব করতে হবে।”
গত বছর ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসি রায় না হওয়ায় ঢাকার শাহবাগে শুরু হয় বিক্ষোভ। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ইমরান এইচ সরকারকে মুখপাত্র করে তৈরি হয় গণজাগরণ মঞ্চ।
এসময় ইমরানসহ গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে নাস্তিকতার অভিযোগ এনে তাদের ফাঁসির দাবিতে আন্দোলনে নামে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফীর নেতৃত্বে হেফাজতে ইসলাম।
এই দাবিতে গত বছরের ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়ে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে তাণ্ডব চালায় হেফাজতকর্মীরা। তার আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সমাবেশকে কেন্দ্র করে সরকার পতনের আল্টিমেটাম দেন।
সারাদিন তাণ্ডব চালিয়ে নির্ধারিত সময় সন্ধ্যার আগে সমাবেশ শেষ না করে অনির্দিষ্টকালের জন্য চালানোর ঘোষণা দিলে রাতে অভিযান চালিয়ে তাদের তুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
বাবুনগরী বলেন, “আমরা শাপলা চত্বরে সচিবালয় বা বঙ্গভবন দখলের জন্য যাইনি। আমরা গিয়েছিলাম ইসলামের কথা বলতে, ইসলামকে রক্ষার জন্য। কিন্তু সেখানে আমার অনেক আলেম ভাই শহীদ হয়েছেন।”
তিনি আরো বলেন, “শাপলা চত্বরে কোরান পোড়াতে যাইনি। কোরান হেফাজত করতে গিয়েছিলাম।”
সরকারকে কওমী মাদ্রাসা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করার জন্য আহ্বান জানান তিনি।
হেফাজতের বগুড়া জেলা শাখার সভাপতি আসাদুল্লাহ মোকারসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও বগুড়া জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সেক্রেটারি শামছুল আলম।
সম্মেলনটি প্রথমে আলতাফুন্নেছা খেলার মাঠে করার ঘোষণা দিলে প্রশাসনের পক্ষ থেকে অন্য কোথাও করার কথা বলা হয়। পরে উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন করার অনুমতি দেয় প্রশাসন।
