২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন: ‘প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদ’

নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এবং সাবেক পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সাক্ষ্য নিয়ে সাত খুন তদন্তে গঠিত কমিটি বলেছে, ‘প্রয়োজনে’ যে কাউকে জিজ্ঞাসাবাদ করবে তারা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 02:59 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

এ কে এম শামীম ওসমানের সঙ্গে হত্যাকাণ্ডের প্রধান আসামি নুর হোসেনের ফোনালাপ প্রকাশ হওয়ার পর এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, জানতে চাইলে একথা বলেন তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা।

রোববার সচিবালয়ে সাক্ষ্যে সাতজনকে অপহরণের সময় নারায়ণগঞ্জ প্রশাসনে দায়িত্বে থাকা মনোজ বড়াল ও নুরুল ইসলাম কী বলেছেন, সে বিষয়ে মুখ খোলেননি কমিটির সদস্যরা। তবে তদন্তের অগ্রগতি হচ্ছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তারা।

হাই কোর্টের নির্দেশে গঠিত সাত সদস্যের এই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, নিহতদের স্বজনদের সাক্ষ্য নেয়ার পর নারায়ণগঞ্জ শহর এবং সিদ্ধিরগঞ্জে গণশুনানি করেন। তারপর ঢাকায় শুনানিতে সাবেক ডিসি ও সাবেক এসপিকে ডাকেন।

তদন্ত চলার মধ্যেই দুদিন আগে শামীমের সঙ্গে পলাতক নুর হোসেনের ফোনালাপ প্রকাশ হলে সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে; যদিও এই আওয়ামী লীগ নেতার দাবি, নূর হোসেনকে আটকাতে তিনি পুলিশের পরামর্শে তার সঙ্গে কথা বলেছিলেন।

আওয়ামী লীগ নেতা শামীমকে ডাকা হবে কি না- প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে শাহজাহান মোল্লা বলেন, “তাকে ডাকা হবে কি না, তা সময়মতো দেখতে পাবেন, অপেক্ষা করুন।তদন্তের প্রয়োজনে যে কাউকে জিজ্ঞাসাবাদকরব আমরা।”

পুলিশ কর্মকর্তা নুরুল ইসলামের সাক্ষ্য নেয়ার পর তদন্ত কমিটির সদস্য মিজানুর রহমান দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৫ জুন অগ্রগতি প্রতিবেদন আদালতে দেয়া হবে।

জেলা প্রশাসক মনোজ বড়ালের সাক্ষ্য নেয়ার পর কমিটির প্রধান শাহজাহান মোল্লা সাংবাদিকদের বলেন, “৫ জুন অগ্রগতি প্রতিবেদন দিয়ে যদি মনে হয় সময় প্রয়োজন তাহলে সময় বাড়ানোর আবেদন করা হবে।”

তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, “আমরা এগুচ্ছি, যথাসময়ে জানতে পারবেন।”

সচিবালয়ে সকাল ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত এসপি নুরুল ইসলাম এবং বেলা পৌনে ৩টা থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত মনোজ বড়ালের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

শাহজাহান মোল্লা বলেন, “অতীতেও অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। তারা (ডিসি-এসপি) যেহেতু ওই সময় সেখানে দায়িত্বে ছিলেন, তাই তারা কতটুকু জানেন, তা জানার দরকার ছিল।”

‘রিলেটেড’ অন্যদেরকেও তদন্ত কমিটিতে ডাকা হবে জানিয়ে তিনি বলেন, নুর হোসেনের বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি ও কাউন্সিলর নুর হোসেনের সঙ্গে ডিসি মনোজ এবং এসপি নুরুল ইসলামের ঘনিষ্ঠতা ছিল বলে নিহত নজরুলের পরিবারের অভিযোগ।

সাতজনকে অপহারণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদঘাটন করতে এই তদন্ত কমিটিকে বলেছে হাই কোর্ট।

৭ জন অপহৃত হওয়ার পর মনোজ বড়াল ও নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে আনা হয়। তখন র‌্যাবের তিন কর্মকর্তাকেও সরিয়ে আনা হয়েছিল, যারা এখন গ্রেপ্তার হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি।

সাক্ষ্য দিয়ে সচিবালয় থেকে পুলিশবেষ্টিত হয়ে বেরিয়ে যাওয়ার সময় বেশ বিমর্ষ দেখাচ্ছিল নুরুল ইসলামকে। সাবেক ডিসি মনোজ কান্তি সাংবাদিকদের আগেই জানিয়ে দেন, তিনি কোনো কথা বলবেন না। তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়ে তড়িঘড়ি সচিবালয় ছাড়েন এই যুগ্ম-সচিব।

তদন্ত কমিটির সদস্য সচিব আবুল কাশেম জানিয়েছেন, সোমবার বিকাল ৩টা থেকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে সংশ্লিষ্ট থানার ওসি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাক্ষ্য নেবেন তারা।

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হাই কোর্টের নির্দেশে গত ৭ মে এই তদন্ত কমিটি করে সরকার।

পুরনো খবর:

শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি ত্বকী মঞ্চের
ফোনালাপের কথা স্বীকার, জীবন নিয়ে শঙ্কা শামীম ওসমানের
সিদ্ধিরগঞ্জে গণশুনানিতে মিলল অপহরণের প্রত্যক্ষদর্শী
৭ খুন: তদন্তের অগ্রগতি জানাতে ৪ জুন পর্যন্ত সময়
নারায়ণগঞ্জের ৮১ পুলিশ কর্মকর্তাকে বদলি