নারায়ণগঞ্জের ৮১ পুলিশ কর্মকর্তাকে বদলি
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রত্যাহারের পর এবার একযোগে ৮১ জন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এদের মধ্যে দুইজন পরিদর্শক, ৪০ জন উপপরিদর্শক (এসআই) এবং ৩৯ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। এ নিয়ে সাত খুনের পর নারায়ণগঞ্জের দুটি থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের সব কর্মকর্তাকেই সরিয়ে দেয়া হলো।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নারায়ণগঞ্জের এসব পুলিশ কর্মকর্তাদের ঢাকা রেঞ্জের বিভিন্ন এলাকায় বদলি করা হয়েছে।
এই কর্মকর্তারা ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশে নিয়োজিত ছিলেন বলে জেলা পুলিশের বিশেষ শাখার(এসবি) পরিদর্শক মইনুর রহমান জানান।
এর আগে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও এক পরিদর্শককে বদলি করা হয়।
গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
লাশ উদ্ধারের আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়। তার স্থানে নরসিংদী থেকে এসেছেন খন্দকার মহিদ উদ্দিন।
তারপর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
অভিযোগ ওঠার পর র্যাব-১১ এর তিন কর্মকর্তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে এনে তাদের মূল কর্মস্থল সামরিক বাহিনীতে ফেরত পাঠানো হয়। তাদের ইতোমধ্যে অবসরেও পাঠানো হয়েছে।
