২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় শ্রমিকদের সংঘর্ষ, আটক ৭

নেত্রকোণা সদরে বাস ও অটোরিকশা শ্রমিকরা পাল্টাপাল্টি হামলা ও গাড়ি ভাংচুর করেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

পুলিশ জানায়, শহরতলীর লক্ষ্মীগঞ্জ এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষে আবু তালেব নামে এক টেম্পু চালক আহত হয়েছেন। ভাংচুর করা হয় একটি বাস ও দুইটি অটোরিকশা।

পুলিশ সাত শ্রমিককে আটক করেছে।

নেত্রকোণা মডেল থানার ওসি এ কে এম কাউসার জানান, বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ হামলা পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

আটকরা হলেন স্বপন মিয়া (৩৫), আব্দুল মজিদ (৩৫), রুবেল মিয়া (২৫), মোহাম্মদ আলী (২৯), সালেক মিয়া (৪৫), আল আমিন (২৫) ও মামুন (২৭)।

ওনি আরো জানান,  বুধবার বিকালে শহরের বনোয়াপাড়া বাসস্ট্যান্ডে বাস শ্রমিকেরা একজন অটো শ্রমিককে মারধর করে। পরে বৃহস্পতিবার এ নিয়ে সমঝোতা বৈঠক বসলে পুলিশের উপস্থিতিতে বাস শ্রমিকেরা হামলা চালিয়ে অন্তত ১৫ অটোরিকশা শ্রমিককে আহত করে।

শুক্রবারও দিনভর সমঝোতা বৈঠক হলেও তা ভেস্তে যায়।

বৃহস্পতিবার দুপুর থেকে নেত্রকোণার অভ্যন্তরীণ সব সড়কে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। শহরের বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস, বলেন ওসি।