২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ার পদত্যাগ দাবি নারায়ণগঞ্জের আইনজীবীদের

সাবেক র‌্যাব কর্মকর্তাদের সাত খুনের মামলায় গ্রেপ্তার না দেখানোয় ক্ষুব্ধ নারায়ণগঞ্জের আইনজীবীরা ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগের দাবি তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 08:07 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

গ্রেপ্তার র‌্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদের সঙ্গে মন্ত্রীর আত্মীয়তার সূত্র ধরে তদন্ত প্রভাবিত হচ্ছে অভিযোগ করে সোমবার নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে এই দাবি তোলেন তারা।

জামাতা গ্রেপ্তার হওয়ার পর সমালোচনায় থাকা মায়া মন্ত্রিসভার গত তিনটি বৈঠকে অনুপস্থিত ছিলেন। সরকারি সফরে সোমবার থাইল্যান্ডে রওনা হওয়া মায়া বলে আসছেন, তার পরিবারের কেউ এই হত্যাকাণ্ডে জড়িত নয়।

হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো সাবেক তিন র‌্যাব কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা ‍পুলিশ।

চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার সময় নারায়ণগঞ্জে র‌্যাবে থাকা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাকে মামলায় গ্রেপ্তার দেখানোর দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা।  

তা না হওয়ায় আইনজীবীদের সমাবেশ থেকে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে র‌্যাবের সাবেক এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।

আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মন্ত্রীর আত্মীয় হওয়ার সুবাদে তাদেরকে রিমান্ডে নিয়ে জামাই আদরে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।

“বরং তাদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য বেআইনিভাবে আদালতের নির্দেশ ছাড়া সার্বক্ষণিক দুজন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।”

সমাবেশে সমিতির সভাপতি সাখাওয়াতসহ বেশ কয়েকজন বক্তা মায়ার নাম উল্লেখ না করে তারেকের আত্মীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়াজেদ আলী খোকন, আব্দুল বারী প্রমুখ। সমাবেশের আগে আইনজীবীরা মানববন্ধন করেন।

Image
নারায়ণগঞ্জের আইনজীবীদের বিক্ষোভ (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের আইনজীবীদের বিক্ষোভ (ফাইল ছবি)

তার আগে সকালে সহকর্মী চন্দন সরকারসহ সাতজনের খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এক ঘণ্টা আদালত বর্জন করেন তারা।

গ্রেপ্তার সাবেক তিন র‌্যাব কর্মকর্তার জন্য চিকিৎসক দেয়ার বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী সাংবাদিকদের বলেন, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পুলিশ সুপারের আবেদনে দুজন চিকিৎসক দেয়া হয়েছে।

রিমান্ডে থাকা অবস্থায় আদালতের নির্দেশ ছাড়া আসামিদের সার্বক্ষণিক চিকিৎসক দেয়া বেআইনি বলে আইনজীবীদের বক্তব্য তুলে ধরা হলে তিনি বলেন, “বিষয়টিপুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।”

এদিকে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন এক প্রেসব্রিফিংয়ে বলেন,“আদালত আমাদের যেভাবে আসামি দেয়, জিজ্ঞাসাবাদ শেষে সেইভাবে আসামিদের আদালতে হাজির করতে হয়।”

গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন নিয়মিত ওষুধ গ্রহণ করেন জানিয়ে তিনি বলেন, “তাই রিমান্ডে থাকা আসামি র‌্যাবের সাবেক তিন  কর্মকর্তাকে চিকিৎসক দিয়ে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা যখন জিজ্ঞাসাবাদ করব, তখন আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তখন কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা দেয়া হবে।”

গুরুত্বপূর্ণ এই মামলার বিষয়ে গণমাধ্যমে ‘ভুলভাবে’ কোনো কিছু প্রচার বা প্রকাশ না করার অনুরোধ জানান এসপি মহিদ উদ্দিন।

তদন্তের অগ্রগতি ও আসামিদের জিজ্ঞাসাবাদের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলেও তার আগেই তিনি চেয়ার ছেড়ে উঠে যান।

পুলিশের খাবার খাচ্ছেন র‌্যাব কর্মকর্তারা

আদালতের অনুমতি নিয়ে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছেন মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ ডিবির ওসি মামুনুর রশীদ মণ্ডল। এই জিজ্ঞাসাবাদ চলছে শহরের মাসদাইরে পুলিশ লাইনে।

Image
আইনজীবীদের বিক্ষোভের মধ্যে শুক্রবার আদালতে নেয়া হয়েছিল মন্ত্রীর জামাতা তারেক সাঈদকে

আইনজীবীদের বিক্ষোভের মধ্যে শুক্রবার আদালতে নেয়া হয়েছিল মন্ত্রীর জামাতা তারেক সাঈদকে

সেনাবাহিনীতে থাকা তারেক সাঈদ ও আরিফকে গত শুক্রবার গ্রেপ্তারের পর পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা রানাকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

জিজ্ঞাসাবাদে তারা আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলেছেন কি না- সে বিষয়ে একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মুখ খুলতে চাননি।

নিহত কাউন্সিলর নজরুলের শ্বশুর শহীদুল ইসলামের অভিযোগ, মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ৬ কোটি টাকা দিয়ে র‌্যাবের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজনকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

“আলাদাভাবে বাইরে থেকে কোনো খাবার আনা হচ্ছে না, তাদের পুলিশ লাইনের ক্যান্টিন থেকে খাবার খেতে দেয়া হচ্ছে। আর তা তারা খাচ্ছেনও।”

এসপির কাছে ত্বকী মঞ্চের নেতারা

‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের’ নেতারা দুপুরে জেলা পুলিশ সুপারের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করে নারায়ণগঞ্জে খুন, সন্ত্রাস, নির্যাতন বন্ধে পুলিশের জোরালো ভূমিকা গ্রহণের দাবি জানান।

মহিদ উদ্দিন এই বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি সাংবাদিকদের জানান।

Image
রফিউর রাব্বি (ফাইল ছবি)

রফিউর রাব্বি (ফাইল ছবি)

সাংস্কৃতিক সংগঠক রাব্বির স্কুলপড়ুয়া ছেলে তানভীর মোহ্ম্মদ ত্বকীকে গত বছরে তুলে নিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের বিচার হলে সাত খুনের মতো ঘটনা ঘটত না বলে অনেক আওয়ামী লীগ নেতাও মনে করেন।

রাব্বি বলেন, “নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নতুন করে টর্চার সেল তৈরি করা হচ্ছে। এসব টর্চার সেলে ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনকে ধরে এনে নির্যাতন করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।”

“নতুন পুলিশ প্রশাসন সত্যিই যদি আন্তরিক হয়, তাহলে নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন বন্ধ করা সম্ভব হবে।”

রাব্বির সঙ্গে ত্বকী মঞ্চের সদস্য সচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহাও ছিলেন।

এদিকে সারাদেশে গুম, খুন ও অপহরণের প্রতিবাদে সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাঁদমারী এলাকায় মানববন্ধন করেছে খেলাফত মজলিস। এতে জেলার সভাপতি মুহাম্মদ ইসমাইল ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

পুরনো খবর:

এরপরও থাকতে পারেন না মায়া
যেই জড়িত থাকুক শাস্তি চাই: মায়া
হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে: মায়া
সরকারি সফরে থাইল্যান্ড গেলেন মায়া
৭ খুন: গ্রেপ্তার সাবেক ২ র‌্যাব কর্মকর্তা রিমান্ডে