যেই জড়িত থাকুক শাস্তি চাই: মায়া
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “সাত খুনের ঘটনায় যেই জড়িত থাকুক আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক। প্রয়োজনে আমিও তদন্ত কাজে সহযোগিতা করব।”
নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে তদন্তের স্বার্থে আর কিছু বলেননি মায়া।
নারায়ণগঞ্জে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের মুখে মন্ত্রীর জামাতা র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ তিন র্যাব কর্মকর্তাকে ইতোমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে।
ফাইল ছবি
তদন্ত চলাকালে মন্ত্রীর এ ধরনের বিবৃতির সমালোচনা করে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবিও এসেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাত খুনের ঘটনায় মন্ত্রীর আত্মীয় জড়িত থাকায় পদত্যাগ করবেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নে কোনো জবাব না দিয়েই চেয়ার ছেড়ে উঠে যান মায়া।
এর আগে মন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লা বিন নাসের আল বুসাইরি সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশকে ১৫০ টন খেজুর উপহারও দেন রাষ্ট্রদূত।
মায়া জানান, আগামী রমজান মাসে খেজুরগুলো বিতরণ করা হবে।
