২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে: মায়া

নারায়ণগঞ্জের ঘটনায় মেয়ে জামাইয়ের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগের মুখে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, হাতি গর্তে পড়লে চামচিকায়ও লাথি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শহীদুল ইসলাম, বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 05:20 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

সোমবার মন্ত্রিসভায় বৈঠকে অংশ না নিলেও বেলা সোয়া ৩টার দিকে সচিবালয়ে নিজের দপ্তরে আসেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।

সাদামাটা একটি প্যান্টের সঙ্গে সেন্ডেল পায়ে হাফহাতা চেক শার্ট জড়ানো মায়ার চোখে চশমা ছিল। এসময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল।

মন্ত্রীর দপ্তরে বেশ কয়েকজন সাংবাদিক প্রবেশ করে বিভিন্ন বিষয়ে জানতে চান।

শুরুতেই মায়া সাংবাদিকদের বলেন, “বসেন, চা খেয়ে চলে যান। ধন্যবাদ। চলে যান, আল্লাহ হাফেজ।”

শুনলাম আপনার নাকি শরীর খারাপ...প্রশ্ন শেষ না হতেই মন্ত্রী বলেন, “শরীরের অবস্থা দেখছেন না? কাজ করছি, বুঝেন না?”

এরপর নিজের চেয়ার থেকে ওঠে আরবিতে বিড়বিড় করে একটা লাইন বলে আবার বসেন নিজের চেয়ারে। বলেন, “নাকি, আলহামদুল্লিলাহ, নাকি?”

অসুস্থতার জন্যই কি মন্ত্রিসভায় বৈঠকে যোগ দেননি? এমন প্রশ্নে মায়া বলেন, “আপনারা অনেক পড়াশোনা জানা মানুষ। এটা কি ধরনের কথা বলেন?”

সাংবাদিকদের আবারো চলে যেতে বলে দপ্তরের এক জনকে উদ্দেশ্য করে বলেন, “চলেন পার্টি অফিস যাই, কাজ করি।

“ভালো থাকেন সবাই। আমার জন্য দোয়া করবেন”, সাংবাদিকদের উদ্দেশে আবারো বলেন তিনি।

এরপর মোবাইল ফোন রিসিভ করে মন্ত্রী কাকে যেন বলেন, “ক্যাবিনেটে তো অনেকেই যায়নি, তাতে কি? তোমরা মরারে নিয়া টানাটানি কর কেন?”

মোবাইল ফোনে কথা বলা শেষ করেই  উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মায়া বলেন, “হাতি গর্তে পড়লে চামচিকায়ও লাথি মারে। এমন সময়ে হেল্প করতে হয়।”

এরপর চা আর বিস্কুট আসে মন্ত্রীর টেবিলে।নিজে একটা বিস্কুট মুখে দিয়ে সাংবাদিকদের বিস্কুট নিতে অনুরোধ করেন।

৮/১০ জন সাংবাদিকের মধ্যে মাত্র দু’একজনকে বিস্কুট খেতে দেখে মায়া বলেন, “রাগ করছেন, না? বিস্কুট খাবেন না?”

এরপর চা-বিস্কুট খান সাংবাদিকরা।

আপনাকে নিয়ে বাইরে নানান ধরনের কথা শোনা যাচ্ছে— প্রশ্ন কেড়ে নিয়েই মন্ত্রী বলেন, “এখানে বসলেই তো বোঝা যায়। ভাবছিলাম দরজা দিয়ে উঁকি দিয়ে দেখেই চলে যাবেন।”

১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বর্ণাঢ্য করার চিন্তা আছে বলেও জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।

পুরনো খবর:

এরপরও থাকতে পারেন না মায়া
সাত খুনে আমার কেউ জড়িত নয়: মায়া
মায়াকে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার আহ্বান