২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়াকে মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার আহ্বান

নারায়ণগঞ্জে সাতখুনে পরিবারের কেউ জড়িত নয় দাবি করে বিবৃতি দেয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার প্রতি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর আহ্বান এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের কাছ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 02:51 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

এরপরও থাকতে পারেন না মায়া
সাত খুনে আমার কেউ জড়িত নয়: মায়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর লেখা ‘এরপরও থাকতে পারেন না মায়া’ ফেইসবুকে শেয়ার করা হলে এ মতামত জানান পাঠকরা।

লেখাটি বাংলায় শেয়ার হয়েছে পাঁচ হাজার তিনশ ৯৪ বার। লেখাটি পছন্দ করেছেন আরো ৪৯৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পৃষ্ঠায় মন্তব্যে জাহাঙ্গীর জান আলম নামে এক পাঠক লিখেছেন, “মোফাজ্জল হোসেন মায়া, নিজের পরিবারকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে যদি নিজের ক্ষমতার প্রভাব খাটানোর চেষ্টা করে সেটি হয়তো আ. লীগ সরকারের অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে । তিনি পদত্যাগ করে নিজের পরিবারকে নির্দোষ প্রমাণ করুক সেটাই জাতি আশা করে।”

‘নীল নিশান’ নিক থেকে একজন মন্তব্য করেছেন, “এরপরেও মায়ারা থাকবে, কারণ বেহায়ারা আত্মকেন্দ্রিক হয়। আর আমাদের জাতীয় প্রত্যয় বিন্দুর বেশীরভাগই বাস্তব-অস্তিত্বহীন। আমরা অগণিত বেহায়া পরিবেষ্টিত।”

মিখুন তালুকদার নামে একজন লিখেছেন, “আমার মনে হয় দুর্বল গণতন্ত্রের সরকারের কারণে আজ দেশের এই অবস্থা । আমার মনে হয় শুধু মায়া নয়, এই সরকারকেও  অতি দ্রুত পদত্যগ করে সবার অংশগ্রহণে নিরপেক্ষ বা আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন দেয়া উচিত। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে সরকার গঠন করে গণতন্ত্র ফিরায়ে আনা দরকার।”

‘আবার ইসলাম মুন্না’ নামের নিক থেকে এক পাঠকের মন্তব্যে মন্ত্রী মায়ার প্রতি ইঙ্গিত করে বলা হয়, “আমরা মতলববাসী সন্ত্রাসী পরিবারের হাত থেকে মুক্তি চাই।”

ইংরেজি সংস্করণে লেখাটি শেয়ার করা হয়েছে ৯৩৫ বার, আর এটি পছন্দ করেছেন ১৮৬ জন। টুইটারে লেখাটি শেয়ার হয়েছে ২৪ বার।

ইংরেজি ভাষায় লেখাটি পড়ে মাহমুদ আমীন নামে একজন মন্তব্যে লিখেছেন, “মায়ার অবিলম্বে পদত্যাগ করা উচিত.... নির্লজ্জ.....।”

শোয়েব তাহমিদ নামে একজন লিখেছেন, “মায়ার মায়া ছেড়ে কি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারবেন?”

নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র‌্যাব সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এরইমধ্যে দুর্যোগমন্ত্রী মায়ার জামাতা ও র‌্যাব-১১ এর সাবেক কমান্ডার তারেক সাঈদ মাহমুদসহ বাহিনীটির তিন কর্মকর্তাকে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুৎ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়, র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলার মধ্যেই গত শুক্রবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান মন্ত্রী মোফাজ্জল হোসেনে চৌধুরী মায়া, যাতে তিনি দাবি করেন-ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত কারো সঙ্গে তার পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা ছিল না।