যোগাযোগ মন্ত্রণালয়ের গাড়ি হিসাব জানতে চায় সংসদীয় কমিটি
যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-অধিদপ্তর ও আওতাধীন প্রকল্পে ব্যবহৃত গাড়ির হিসাব এবং এসব গাড়ি ব্যবহারহারকারীদের তালিকা সম্পর্কে জানতে চেয়েছে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় জানিয়ে কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন সাংবাদিকদের বলেন, “কমিটির আগামী বৈঠকে এসব তথ্য দিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।”
কমিটির সদস্য নাজমুল হক প্রধান সাংবাদিকদের বলেন, “বিভিন্ন প্রকল্পের গাড়ি ব্যবহারের অনিয়ম নিয়ে অনেক অভিযোগ আসে। নিয়ম ভেঙ্গেও এসব গাড়ি ব্যবহার করা হয়। কমিটি এগুলো খতিয়ে দেখতে চায়।”
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) আয়-ব্যয় এবং প্রতিষ্ঠানটির লাভ-ক্ষতির হিসাবও চেয়েছে কমিটি।
কমিটি সব ধরনের অবৈধ ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে বলেও জানান তিনি। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স দেয়ার পদ্ধতি আধুনিকায়নের লক্ষ্যে একটি সময়োপযোগী ‘ম্যানুয়েল’ তৈরির সুপারিশও করেছে কমিটি।
এ বিষয়ে নাজমুল হক প্রধান বলেন, “এখন লাইসেন্স দেয়ার সময় এমন প্রশ্ন করা হয় যেগুলো ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত। একজন ড্রাইভারের পক্ষে এসব বিষয় জানা সম্ভব নয়। এজন্য একটি সহজ ম্যানুয়েল তৈরির সুপারিশ করা হয়েছে।”
পৃথিবীর বিভিন্ন দেশের ‘ম্যানুয়েল’ দেখে এটি তৈরির পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৪ অর্থ বছরে উন্নয়ন খাতের আওতায় ২০২ কি.মি. নতুন সড়ক নির্মাণ, ৯৮ কি.মি. সড়ক ৪ লেনে উন্নীতকরণ, ১ হাজার কি. মি. সড়ক পুণর্নির্মাণ, ৫ হাজার ৪৫০ মিটার কনক্রিট সেতু এবং ৩ হাজার ৬৩০ মিটার আরসিসি কালভার্ট নির্মাণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা অংশ নেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।
