২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক বিস্ফোরণে সড়কে মৃত্যু

রাজধানীর কামারাঙ্গীরচরে সিলিন্ডার বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মধ্য রসুলপুরের রনি মার্কেটের পাশের সড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আল আমীন (২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল এমবিএ’র ছাত্র ছিলেন।

তিনি হেঁটে মধ্য রসুলপুরের ভাড়া বাসা থেকে পড়াতে যাওয়ার পথে সড়কে এই দুর্ঘটনায় পড়েন বলে কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “রাস্তার পাশে বেলুন ফুলিয়ে বিক্রি করত সাগর ও জাকির নামে দুই ভাই। দুপুরে তারা সিলিন্ডারটি রেখে বাসায় গিয়েছিল খেতে। রাস্তার পাশে রাখা সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হলে পথচারী আল-আমীন গুরুতর আহত হন।”

বিকাল পৌনে ৫টার দিকে আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বলেন, তার মৃত্যু হয়েছে।

বিস্ফোরণে আল আমীনের শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়।

ঘটনার পর সাগর ও জাকির পলাতক বলে ওসি জানান।

তার ধারণা, প্রচণ্ড গরমের কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে।

দুই ভাই তিন বোনের মধ্যে বড় আল আমিন কারাঙ্গীরচরের মধ্য রসুলপুরে থাকতেন। গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে।