২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মলম পার্টির হোতা’ গ্রেপ্তার  

চট্টগ্রামে একটি ছিনতাইকারী চক্রের দলনেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

চট্টগ্রাম মহানগর পুলিশ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়,  সোমবার রাতে গ্রেপ্তার মো. হোসেন হাসেম ওরফে হাসেম ড্রাইভার (৩৪) ‘মলম পার্টি চক্রের’ দলনেতা।    

তার নেতৃত্বে একদল ছিনতাকারী অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের কাজ করতো।

হাসেমের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার উত্তর ভূমিহীন বাজার গ্রামে। ১৯৯৭ সালে চট্টগ্রামে আসার পর কয়েক বছর রিকশা ও পরে অটোরিকশা চালাতেন। থাকতেন নগরীর বায়েজীদ থানার শান্তিনগর এলাকায়।  

তার বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা আছে বলেও পুলিশ জানায়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১০ সালে নগরীর আলমাস সিনেমা হলের সামনে ছিনতাইয়ের কাজ শুরু করে সে। হাসেমের দলে নিজাম, ফেরদৌস, আইনুল, জলিল মাঝি ও আলম নামের আরও পাঁচ সদস্য রয়েছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসেম পুলিশকে জানিয়েছেন, সন্ধ্যার পর তারা দুটি অটোরিকশা নিয়ে বের হতেন। একটিতে চক্রের একজন চালক হিসেবে থাকতেন। তিনি যাত্রী নিয়ে রওনা দেয়ার পর নির্দিষ্ট স্থানে গাড়ি বিকল হওয়ার কথা বলে তা থামাতেন। পরে আরেক অটোরিকশায় অন্যরা এসে যাত্রীর চোখে ‘টাইগার বাম’ লাগিয়ে মালামাল নিয়ে যাত্রীকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেতেন।