মানিকগঞ্জে অপহৃত শিশু পাবনায় উদ্ধার
মানিকগঞ্জ থেকে অপহৃত এক শিশুকে পাবনার সাঁথিয়া থানা পুলিশ উদ্ধার করেছে।
অপহরণের একদিন পর সাঁথিয়ার মটকা গ্রাম থেকে সোমবার দুপুরে উদ্ধার করা হয় মানিকগঞ্জের সদর উপজেলার গোস্তা গ্রামের তারেক রহমানের ছেলে তামিমকে (৩)।
এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুল হাকিম এবং জালাল নামের দুজনকে আটক করা হয়েছে।
সাথিয়া থানার ওসি এসএম ফারুক হোসেন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকলেট খাওয়ানোর কথা বলে শিশু তামিমকে ওই দুইজন অপহরণ করে।
এ ঘটনার পর তারেক মানিকগঞ্জ থানায় একটি মামলা করেন।
তামিমকে নিয়ে প্রথমে অপহরণকারী জালালের গ্রামের বাড়ি শাহজাদপুরের সানিলা গ্রামে এবং পরে সাঁথিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল মটকা গ্রামে যায়।
ওসি ফারুক আরো জানান, গ্রামবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
তামিমকে মানিকগঞ্জ থানা পুলিশের সহায়তায় তার বাবার কাছে ফেরত দেয়া হয়েছে।
আটক হাকিম সাঁথিয়ার তলট গ্রামের রজব আলী সরকারের ছেলে এবং জালাল সিরাজগঞ্জের শাহজাদপুর থানার খামার সানিলা গ্রামের ফজলাল সরকারের ছেলে।
তারা দুজনেই তামিমের বাবা তারেকের ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
