২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জামায়াতের মিছিল পণ্ড করেছে পুলিশ

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ফেনীতে দলের একটি মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 07:17 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

রোববার শহরের ট্রাংক রোডে এ ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়ে পড়ে জামায়াতের সমর্থকরা।

পুলিশ দুই শিবির নেতাকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত ফেনী শহর শাখার উদ্যোগে দুপুর ১২টার দিকে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি ট্রাংক রোডের খেজুর চত্বর থেকে বড় মসজিদের দিকে যাওয়ার সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, মিছিলটি ছত্রভঙ্গ হলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ করে ঢিল ছুড়তে থাকে। পুলিশ পাল্টা ৫ রাউন্ড শটগানের গুলি ও এক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার শিবির সভাপতি আরিফ বিন জাহিদ (২২) ও মোহাম্মদ বাপ্পি (১৮) নামে দুই শিবিরকর্মীকে আটক করে।