না’গঞ্জে শ্রমিক হত্যায় সহকর্মীর বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের একটি কারখানার দুই শ্রমিককে হত্যার ঘটনায় তাদের এক সহকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
নিতাইগঞ্জের নায়না ফ্লাওয়ার মিলের নিহত নৈশ প্রহরী আবদুল আজিজের ভাই সুরুজ মিয়া বাদী হয়ে সোমবার সকালে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
আসামি করা হয়েছে হত্যাকাণ্ডের পর লাপাত্তা একই কারখানার শ্রমিক আবু তাহেরকে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মামলায় হত্যার কারণ সর্ম্পকে কোনো কিছু উল্লেখ করেননি বাদী।
তবে আসামির সব তথ্য হাতে রয়েছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার রাতের কোনো এক সময় নিতাইগঞ্জের ওই কারখানায় নৈশ প্রহরী আবদুল আজিজ এবং মিলের শ্রমিক হোসেন মিয়াকে জবাই করে হত্যা করা হয়।
এরপর থেকেই আসামি আবু তাহের নামের ওই শ্রমিক পলাতক।
এ ঘটনার সময় কারখানায় ঘুমিয়ে থাকা অন্য নয় শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছে পুলিশ।
