২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে প্রাণ গেল বাবা-মা ও ২ সন্তানের

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন একই পরিবারের চার সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 09:46 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আধুনগর গ্রামের সিপাহীপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রহিম (৪৫), তার স্ত্রী মাসুমা আক্তার (৩৩) এবং তাদের দুই সন্তান লাকী আক্তার (১৩) ও সুলতানা আক্তার রেশমী (৮)।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে দগ্ধ অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।

ওসি শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে সম্ভবত সিগারেটের আগুন থেকে ওই বাসায় আগুন লাগে। কেউই তাৎক্ষণিকভাবে বের হতে পরেননি।”

রাতে ঘরে না থাকায় রহিমের দুই ছেলে এমরানুল হক (১৪) ও আরমানুল হক (১০) বেঁচে যায়।

স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এমরান রাতে একই পাড়ায়  নানির বাড়িতে এবং আরমান স্থানীয় একটি মাদ্রাসার হোস্টেলে ছিল।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিনের ছাউনি-বেড়ার ঘরটিতে মধ্যরাতে আগুন লাগে। পাশের ঘরের এক মহিলা রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে আগুন লাগার বিষয়টি টের পান।

“রহিম পেশায় কাঠমিস্ত্রী হওয়ায় ঘরে বেশকিছু কাঠ ও লাকড়ি ছিল। সেগুলো থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে আমরা ধারণা করছি।”

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জসিম বলেন, “রহিম খুব বেশি সিগারেট খেতেন। সিগারেটের আগুন বা মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।”