২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ধর্ষণের প্রতিবাদে প্রতিবন্ধীরা

দিনাজপুরের বীরগঞ্জে শ্রবন ও দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ এনে এর প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 03:38 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার দিনাজপুরে বিভিন্ন বেসরকারি সংস্থার যৌথ আয়োজনে প্রতিবন্ধীরা এই মানব বন্ধনে অংশ নেন।

দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন থেকে ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।

পরে দিনাজপুর জেলা প্রশাসককে দেয়া স্বারকলিপিতে তারা বলেন, বীরগঞ্জ উপজেলার এক গ্রামের শ্রবন ও দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে (৩৫) প্রতিবেশী মৃত সামাদ মাস্টারের ছেলে নূর আলম গত ২১ ফেব্রুযারি ধর্ষণ করে।

ধর্ষিতার বড় ভাই বাদি হয়ে গত ৭ মার্চ বীরগঞ্জ থানায় মামলা করেন।

বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা রেকর্ড করা হয়েছে।

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ঘটনার ১৪ দিন পর মামলা করার কারণ সম্পর্কে বাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্ত নুর আলমের নানাসহ পরিবারের লোকজন স্থানীয়ভাবে ঘটনার বিচার করার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করে।

“বিচারের কথা বললেও এখন অভিযোগ অস্বীকার করছে।”