নোয়াখালীতে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ
নোয়াখালীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি দলেরও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুধবার মাইজদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের বাসায় জেলা বিএনপির সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
এ সময় লিখিত বক্তব্যে মো. শাহজাহান বলেন, ২৭ ফেব্রুয়ারি নোয়াখালীর পাঁচ উপজেলা- সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিলে নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাত থেকে ১৯ দলের কর্মীসমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
“তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালাচ্ছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ক্যাডাররা।”
তিনি আরো দাবি করেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে জেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।
এসব ঘটনায় অভিযোগের পরও প্রশাসন কোন ব্যবস্থা না নিয়ে উল্টো মামলা দিয়ে ১৯ দলের কর্মীদেরকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।
শাসন দলের প্রার্থীদেরকে জেতানোর জন্য ভোটের দিন কেন্দ্র দখলের পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি।
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়ে তিনি হুঁশিয়ার করেন, জনরায় ছিনিয়ে নেয়ার চেষ্টা হলে উপযুক্ত জবাব দেয়া হবে।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর আলো ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ উপস্থিত ছিলেন।
