সালথায় ভোটারদের ‘হুমকি’
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের ভোটারদের হুমকির অভিযোগ উঠেছে সরকার দল সমর্থিত এক প্রার্থীর বিরুদ্ধে।
আগামী ২৭ ফেব্রুয়ারি সালথায় ভোটগ্রহণ হবে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটর জানান, ক্ষমতাসীন দল সমর্থিত কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ও তার কর্মীরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে ভোটারদের। ভোট না দিলে তাদের গ্রামছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ।
সাড়–কদিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধ জানান, “বাবা ভয়তে আছি, ভোটের পর কি হয় জানি না। ভোট দিলেও দোষ না দিলেও দোষ।”
আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী সাব্বির হোসেন অভিযোগ করেন, দেলোয়ার হোসেনের সমর্থকরা তার বেশ কয়েকজন সমর্থককে মারধর করেছে। ভয়ভীতি দেখিয়ে বলেছে, হেরে গেলে এলাকা থেকে তাড়িয়ে দেয়া হবে।
বিএনপি সমর্থিত প্রার্থী ওহিদুজ্জামানের অভিযোগ, দেলোয়ার কালো টাকা ছড়িয়ে এবং ভয়ভীতি দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এ প্রসঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সালথা থানার ওসি তোতা মিয়া জানান, ভোটারদের হুমকি-ধামকি ও ভয় ভীতির বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি।
