হাটহাজারীর চেয়ারম্যান বিএনপির
চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত মাহবুবুল আলম চৌধুরী।
বুধবার গভীর রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহান পান্না ফলাফল ঘোষণা করেন।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে মাহবুবুল আলম পান ৫৭ হাজার ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবুল মনসুর ঘোড়া প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭০৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ইসলামী ঐক্যজোটের নাসির উদ্দিন মনির। বাল্ব প্রতীক নিয়ে তিনি পান ৫৪ হাজার ১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আখতার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৬০১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত মনোয়ারা বেগম। কলস প্রতীকে তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সৈয়দা সাহেদা সুলতানা সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৫৮ ভোট।
চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগ ও দুইজন বিএনপি সমর্থিত ছিলেন। এর আগে এখানে চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের মো. ইসমাইল।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাত প্রার্থী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন।
চট্টগ্রামের দুই উপজেলায় প্রথম পর্যায়ে নির্বাচন হয়েছে হাটহাজারী ও মিরসরাই উপজেলায়। দুই উপজেলাতেই বিএনপি প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
