চট্টগ্রাম বারের নেতৃত্বে আ. লীগ সমর্থিতরা
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোটগণনা শেষে মধ্যরাতে ফল ঘোষণা করা হয়।
সমিতির ১৮টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সাতটি, বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নয়টি এবং দল নিরপেক্ষ সমমনা আইনজীবী সংসদ দুটি পদে জয় পেয়েছে।
নির্বাচন কমিশনার সৈয়দ সিরাজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই হাজার ৮৫৪ জন ভোটারের মধ্যে প্রায় দুই হাজার চারশ জন ভোট দিয়েছেন।
সভাপতি পদে আইনজীবী সমন্বয় পরিষদের আনোয়ারুল ইসলাম চৌধুরী এক হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের কফিল উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের আব্দুর রশিদ ৯৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের এস ইউ নুরুল ইসলাম ৭৪৭ ভোট পান।
জ্যেষ্ঠ সহ সভাপতি পদে সমন্বয় পরিষদের সুধীর চন্দ্র তালুকদার এবং সহ-সভাপতি পদে একই প্যানেলের সুরত জামাল বিজয়ী হন।
সহ-সম্পাদক পদে ঐক্য পরিষদের আশরাফ হোসেন এবং অর্থ সম্পাদক পদে এই প্যানেলের আফসার উর রশিদ বিজয়ী হন।
পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের টিপু সুলতান এবং সাংস্কৃতিক সম্পাদক পদে সমমনা পরিষদের এহতেশামুল পারভেজ বিজয়ী হন।
নির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে ঐক্য পরিষদ সাতটি পদে জয়ী হন। এরা হলেন- আরেফিন রিজভী, নুরুল করিম, রহীম উদ্দিন চৌধুরী, রায়হান সালেহীন, মুরশিদ আলম, ফাতেমা আক্তার চৌধুরী ও শহীদুল ইসলাম সুমন।
সমমনা থেকে সদস্য পদে বিজয়ী হয়েছেন আবু সুফিয়ান। অন্য দুটি পদে সমন্বয় পরিষদের সবিতা রাণী ভৌমিক ও মানস দাশ জয়ী হন।
