২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ক্যাম্পাস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়া অস্ত্রধারীদের কেউ গ্রেপ্তার না হলেও ক্যাম্পাস থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 01:13 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ আবাসিক হলের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল পাওয়া যায় বলে মতিহার থানার ওসি শামসুর নূর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অস্ত্র দুটি উদ্ধার করে।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি পুলিশ চড়াও হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরাও তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। অস্ত্র উচিঁয়ে  শিক্ষার্থীদের ধাওয়া ও গুলি ছুড়তে দেখা যায়  ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে।

পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক হলগুলোও বন্ধ হয়ে যায়।

ওই ঘটনায় পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ পৃথকভাবে দুটি করে মোট ছয়টি মামলা করে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি দেলাওয়ার হোসেন ডিলস এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র সজীব আহমেদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে অস্ত্রধারীদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

ওসি শামসুর বলেন, “অস্ত্রধারীদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করি খুব শিগগির তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।”