২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীর রাস্তায় দাঁড়ানো: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেলায় ছাড়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেলায় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করাতে বাধা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 06:39 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শনিবার সকালে বরিশালে মন্ত্রী ও জনপ্রতিনিধিদের স্বাগত জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে একে অপরাধ উল্লেখ করেন তিনি বলেন, “রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো জনপ্রতিনিধি বা বিশিষ্ট ব্যক্তিকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না।”

দেশের সর্বোচ্চ পদাধিকারী বলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অনেক শিক্ষার্থী দেখতে চায়, তাই এ ক্ষেত্রে তাদের রাস্তায় দাঁড় করানো যাবে- এমন ব্যাখ্যা দেন তিনি।

সম্প্রতি কয়েকজন মন্ত্রী ও জনপ্রতিনিধিকে স্বাগত জানাতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ছাত্র-ছাত্রীদের দাঁড় করিয়ে রাখায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক সমালোচনা হয়।

এ প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের শিশুদের এভাবে রাস্তায় দাঁড় না করিয়ে রাখতে নির্দেশ দেয়। এমনকি কোনো স্কুল তা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়।

আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ৪৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী।

বরিশাল শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার মানে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।