২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহমানখানায় ‘নাসি গোরেং’, তন্দুরি-গোস্ত

তাবলিগ জামাতের বিশ্ব সম্মিলনে যোগ দিতে নানা দেশ থেকে এসেছেন তারা; ইজতেমা মাঠের বাবুর্চিখানায় তাদের কারো জন্য রান্না হচ্ছে আতপ চালের ‘নাসি গোরেং’, কারো জন্য তন্দুরি-গোস্ত।

আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

গতবারের মতো এবারো দুই পর্বে চলছে বিশ্ব ইজতেমা। ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্ব শেষে ৩১ জানুয়ারি থেকে চলছে দ্বিতীয় পর্ব, যা শেষ হবে ২ ফেব্রুয়ারি।

প্রথম পর্বে যোগ দিয়েছিলেন বিভিন্ন দেশ থেকে আসা ৩৫-৪০ হাজার মুসুল্লী। আর দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার ১০-১২ হাজার বিদেশি মুসুল্লি যোগ দিয়েছেন।

এই বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের থাকার ব্যবস্থা হয়েছে তুরাগ তীরের উত্তর-পশ্চিম অংশে মেহমানখানায়। পাশেই বাবুর্চিখানায় শতাধিক গ্যাসের চুলায় তিন বেলা রান্না চলছে।

দেশি-বিদেশি এসব খাবার তৈরির জন্য বাবুর্চিখানায় আসছে পাঙ্গাশ মাছ, গরু ও মুরগীর মাংস, ডিম, গরু-ছাগলের ভুড়ি, মধু ও জয়তুনের তেল। তাছাড়া সীম বীজের ডাল, পাউরুটি ও তন্দুর রুটিসহ কয়েক টন সব্জিও রান্না হচ্ছে প্রতিদিন।

এই বিপুল আয়োজনের জন্য যে খরচ হচ্ছে, তাবলিগভক্তরাই তার সিংহভাগের যোগান দিচ্ছেন বলে আয়োজকরা জানান।

বিদেশি অতিথিদের বাবুর্চিখানার তত্ত্বাবধায়ক মো. নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইন্দোনেশিয়া ও মালেশিয়া থেকে আসা মুসল্লিরা প্রায় একই ধরনের খাবারে অভ্যস্ত। পোলাও, ভাত, মাছ ও মাংস ছাড়াও ‘নাসি গোরেং’ নামের একটি খাবার তাদের বিশেষ পছন্দ।

“পোলাওয়ের চালের সঙ্গে হলুদ আর ডিম দিয়ে ঝরঝরে করে ফ্রায়েড রাইসের মতো রান্না করতে হয় এই খাবার।”নূরুল জানান, পাকিস্তান ও সৌদি আরবের অতিথিরা পোলাও-মাংস বেশি পছন্দ করেন।

সকালের নাস্তায় তন্দুরি রুটির সঙ্গে মুরগির মাংস, কিংবা পেস্তা ও সুজির হালুয়া, মধু, পনির, জয়তুনের তেল বা গরুর নেহারি খান তারা।

কেউ আবার পাউরুটির সঙ্গে মধু ও জয়তুনের তেলও পছন্দ করেন।

চীন ও কোরিয়া থেকে আসা মুসল্লিদের খ্যাদ্যরুচিতেও বেশ মিল দেখেছেন নূরুল ইসলাম।

“তারা তন্দুরি রুটির সঙ্গে অর্ধসিদ্ধ মাংস ও সব্জি পছন্দ করেন। তবে কোরিয়ানরা মসলা দিয়ে শুধু তেলেভাজা অর্ধসিদ্ধ মাংস খেতে বেশি পছন্দ করেন।

রান্নার দায়িত্বে থাকা এই তাবলিগকর্মী জানান, প্রতিবেলায় ১৬-১৭ হাজারের মতো রুটি, প্রায় সাড়ে ৪ টন পোলাও আর এক টন ভাতের চাল, দৈনিক প্রায় ৫ হাজার পাউন্ড পাউরুটি, ১০ হাজার ডিম, ৩ টন মুরগি ও সাড়ে ৩ টন গরুর মাংস এবং ৩ টন মাছ বিদেশিদের খাবারের জন্য প্রয়োজন হয়।

এছাড়া সব্জির জন্য প্রতিদিন দুই টন পেঁপে, ৫০০ কেজি গাজর, ৫ হাজার করে ফুলকপি ও বাঁধাকপি এবং এক টপ আলুর প্রয়োজন হয়।

এছাড়া ব্যবহার হয় প্রায় ২০ কেজি অলিভ অয়েল, ৫০-৬০ কেজি মধু এবং প্রায় একটন ঘি।

তিনি জানান, এবারই প্রথম গরু ও খাসির ভুড়ি যোগ হয়েছে ইজতেমায় বিদেশিদের খাদ্যতালিকায়। পেঁয়াজ আর মসলা দিয়ে রান্না করা হচ্ছে এই ভুড়ি।

স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল জানান, মুসুল্লিদের খাবারের জন্য যে কারো অর্থ তারা গ্রহণ করেন না।

“ওই ব্যাপারে তাদের নিজস্ব কিছু শর্ত বা পরামর্শ থাকে। সেই শর্ত অনুযায়ী তারা সহায়তা নেন। তাবলিগের ভক্তরাই খাবার বা অর্থের যোগান দেন। এখানে সরকারি অর্থ আসে না।”

বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা দ্বীনের কাজে সময় দিয়েছেন, মুরুব্বিদের পরামর্শে শুধু তাদের দেয়া টাকা ও মালামালই গ্রহণ করা হয়।