ধরমপাশায় পুলিশ-আ. লীগ-বিএনপি সংঘর্ষ
সুনামগঞ্জের ধরমাপাশায় পুলিশ ও আওয়ামী লীগকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টায় এ সংঘর্ষের সময় বিএনপিকর্মীরা তিনটি দোকান ভাংচুর করে বলে জানিয়েছেন ধরমপাশা থানার ওসি বায়েস আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বিএনপি নেতা রফিক চৌধুরীর নেতৃত্বে উপজেলার বাগানবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে কথা কাটকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় বিএনপি কর্মীরা।
কিছুক্ষণ পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যোগ দেয়।
পরিস্থিতি সামলাতে পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়লে কয়েকজন আহত হন, বলেন ওসি বায়েস।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
