২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে থানায় বোমা হামলা

বিরোধী দলের অবরোধের মধ্যে রাজধানীর নিউ মার্কেট থানার ভেতরে হাতবোমা হামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 09:41 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেতে এই থানার সীমানা প্রাচীরের ভেতরে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। অবরোধের মধ্যে এর আগে রাজধানীতে থানার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও থানা প্রাঙ্গণের ভেতরে এটাই প্রথম।

থানার কর্তব্যরত উপ-পরিদর্শক রিপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হননি।

“দুষ্কৃতকারীরা আতঙ্ক সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় হাতবোমার যে বিস্ফোরণ ঘটাচ্ছে, এটি তারই অংশ বলে মনে হচ্ছে,” বলেন তিনি।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পাশের গাউসুল আজম মার্কেটে পুলিশ প্রায় সাড়ে ৮টা পর‌্যন্ত অভিযান চালালেও জড়িত কাউকে আটক করতে পারেনি।

নীলক্ষেত থানার দেড় কিলোমিটারের মধ্যে শাহবাগে হোটেল রূপসী বাংলার সামনেও সন্ধ্যায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।  

এদিকে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়।