২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ডে অগ্নিসংযোগে মামলা, গ্রেপ্তার ১৪

গাজীপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 09:06 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

গ্রুপের ম্যাটিক্সপোর্ট (বাংলাদেশ) লিমিটেড কারখানার মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ছাইফুর রহমানের করা এ মামলায় অজ্ঞাত পরিচয় কয়েকহাজার শ্রমিক ও সন্ত্রাসীকে আসামি করা হয়।

এ ঘটনায় শনিবার রাতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এ ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করেছে সরকার, যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।

অপর দুই কমিটির একটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে এবং অন্যটি গাজীপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে গঠন করা হয়েছে।

স্বরাস্ট্র মন্ত্রণালয়ের কমিটিতে সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, বিজিএমইএ, ফায়ার সার্ভিস এবং শ্রমিক সংগঠন থেকে প্রতিনিধি থাকবে।

মামলার এজহারে উল্লেখ করা হয়, ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে স্থানীয় কুদ্দুস নগরের বিভিন্ন সোয়েটার/গার্মেন্ট কারখানর লোকজন মিছিল নিয়ে স্ট্যান্ডার্ড কারখানার দিকে আসতে থাকে।

এক পর্যায়ে মিছিলের লোকজন স্ট্যান্ডার্ড কারখানার প্রধান ফটকে এসে আক্রমণ করে। এসময় পুলিশ বের হলে কয়েকশ’ উচ্ছৃংখল শ্রমিক পুলিশদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে এবং কারখানার ২নং গেইটিও ভেঙে ফেলার চেষ্টা করে।

এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ তখন রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়লে একজন শ্রমিক আহত হয়।

আহত শ্রমিককে চিকিৎসার জন্য কারখানার ভেতরে চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে কিছু শ্রমিক গুজব রটায় যে, দুইজন শ্রমিককে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং আরো কিছু শ্রমিককে কারখানার ভেতরে আটকে রাখা হয়েছে।

এরপর তাদের কয়েকজন পাশের একটি মসজিদের মাইক থেকে লাঠিসোটা যার যা আছে তা নিয়ে স্ট্যান্ডার্ড কারখানার ভেতরে ঢোকার আহ্বান জানায়।

এরপর রাত পৌনে ১১টার দিকে বিভিন্ন সোয়েটার/গার্মেন্ট কারখানা এবং স্ট্যান্ডার্ড কারখানার কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক ও বহিরাগত সন্ত্রাসীসহ কয়েক হাজার অজ্ঞাত পরিচয় লোক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় প্রবেশ করে ভাংচুর চালায়।

এরপর তারা কারখানার সীমানা প্রাচীরের ভেতরে থাকা ১৯টি কাভার্ডভ্যান ও চারটি মাইক্রোবাসে আগুন দেয়। পরে কারখানা ববনের প্রথম ও দ্বিতীয় তলায় স্টোরের মালামালে পেট্রোল ঢেলে আগুন দেয়।

পরে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে ও আগুন নেভাতে পারেনি হামলাকারীদের বাধায়।

এজাহারে আরো বলা হয়, আগুনে স্ট্যান্ডার্ড গ্রুপের এমাটেক্স লিমিটেড, এমক্স লিমিটেড, স্ট্যান্ডার্ড স্টাচেস লিমিটেড, কাজীপুর ফ্যাশনস লিমিটেড, ম্যাটেক্সপোর্ট (বাংলাদেশ) লিমিটেড, তুলাগাঁও ফ্যাশন লিমিটেড, ইন্টার ন্যাশনাল ট্রেডিং কোম্পানী লিমিটেড ও স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেড কারখানাগুলোর এক হাজার দুইশ’ দুই কোটি ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

জয়দেবপুর থানার ডিউটি অফিসার মো. তরিকুল ইসলাম জানান, ওই ঘটনায় শনিবার রাতে কোনাবাড়ি এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।