রাবির ফটকে শিবির-পুলিশ সংঘর্ষ
দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন সন্ধ্যায় রাজশাহীতে পুলিশের সাথে ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় নাশকতায় বাধা দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে আধা ঘন্টাব্যাপী এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
মতিহার থানার ওসি আব্দুল মজিদ বলেন, “সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইসলামী ছাত্র শিবিরের কয়েকশ’ নেতা-কর্মী বিনোদপুর ফটকের সামনে জড়ো হয়ে রাজশাহী- ঢাকা পথ অবরোধ করে মিছিল বের করে।
“এ সময় তারা অটোরিকশা ভাংচুর করার চেষ্টা চালায়।
“বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে শিবির কর্মীরা বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় অন্তত ১৫টি হাতবোমারও বিস্ফোরণ করা হয়।”
কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।
এরপর সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রাবি শিবিরের প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেন, “আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ আমাদের উপর গুলি চালায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তিনি দাবি করেন, সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে তাদের ১৫-২০ জন আহত হয়েছে।
