বগুড়ায় শিক্ষকদের ওপর হাতবোমা হামলা
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকদের একটি মৌন মিছিলে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
অধ্যক্ষের বাসায় ভবনে হামলা ও আগুন দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার শতাধিক শিক্ষক মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। ফেরার পথে দুপুর ১টায় শহরের সেউজগাড়ী এলাকার কাইলার বাজারে শিক্ষকরা হামলার মুখে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
হামলাকারীরা পর পর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে তিন শিক্ষক আহত হন।
হামলায় জড়িত সন্দেহে পুলিশ এরফান ও আরিফ নামে দুই ছাত্রদলকর্মীকে আটক করেছে।
হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক তাইজুল ইসলাম জানান, সোমবার রাতে একদল সন্ত্রাসী অধ্যক্ষ দিপ কেন্দ্র নাথ দাসের বাসায় হামলা ও আগুন দেয়। এতে তার ব্যক্তিগত গাড়িসহ কলেজের শিক্ষার্থী পরিবহনের আরো চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে ফেরার পথে তারা হামলার মুখে পড়েন।
অধ্যক্ষ দিপ কেন্দ্র নাথ দাস জানান, বাসায় হামলার পর বুধবারে তিনি নিজে বাদী হয়ে শহর শিবিরের সভাপতি আলাউদ্দিন সোহেল, সেক্রেটারি রেজাউল করিম, কলেজ শাখা শিবিরের সভাপতি জুয়েল সরকার ছাত্রদল নেতা সামিউল আলম, রিগান, শাহীনসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ওই মামলার আসামিরিই ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
