২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার হোসেন মঞ্জুও উপদেষ্টা

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একাদশতম উপদেষ্টা হিসাবে নির্বাচনকালীন সরকারে নিয়োগ পেলেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, দুই সপ্তাহ আগে যিনি নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (বিধি ও সেবা অধিশাখা) মো. আবদুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রোববার এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকারে মন্ত্রীদের দপ্তর বণ্টনের সময় টেকনোক্রেট দুই মন্ত্রী শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়াকে নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হলেও তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে সরকারে রাখা হয়।

তার আগে গত ১৮ নভেম্বর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এছাড়া এর আগে থেকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এইচ টি ইমাম (জনপ্রশাসন বিষয়ক), মসিউর রহমান (অর্থনৈতিক), সৈয়দ মোদাচ্ছের আলী (স্বাস্থ্য বিষয়ক), আলাউদ্দিন আহমেদ (শিক্ষা বিষয়ক), তৌফিক-ই-ইলাহী চৌধুরী (জ্বালানি বিষয়ক), গওহর রিজভী (পররাষ্ট্র বিষয়ক) ও তারেক আহমেদ সিদ্দিকী (নিরাপত্তা বিষয়ক)।

নতুন নিয়োগ পাওয়া চার উপদেষ্টার মধ্যে এখনো দায়িত্ব বণ্টন করা হয়নি।

নব্বইয়ের দশকে এরশাদ সরকারের মন্ত্রীর মঞ্জু ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারেও মন্ত্রী ছিলেন।

সে সময় তিনি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব। পরে তিনি দল ভেঙে আলাদা সংগঠন শুরু করেন, যা এখন জাতীয় পার্টি (মঞ্জু) হিসাবে পরিচিত।   

গত ১১ নভেম্বর ১৪ দলের নেতাদের সঙ্গে এক বৈঠকের পর মঞ্জু সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে না এলেও তার দল ভোটে অংশ নেবে।

পুরনো খবর:

নির্বাচনে থাকছে মঞ্জুর জেপি