নির্বাচনে থাকছে মঞ্জুর জেপি
সর্বদলীয় সরকারের অধীনে বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি)।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বাইরে প্রথম দল হিসেবে তারা এ ঘোষণা দিলো।
সোমবার ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু দলীয় এ অবস্থান জানান।
সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনে আসা না আসা যে কারো গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের প্রয়োজন আছে।
“শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে নির্বাচনের বিকল্প নেই। আমরা নির্বাচনে অংশ নেবো।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ারও ঘোষণা রয়েছে তাদের।
দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে আওয়ামী লীগ।
এ পরিস্থিতিতে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না এলে কী করবেন জানতে চাইলে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “উনি (খালেদা জিয়া) না করলে আমি করবো না- এতো অসহায় আমরা না।”
গত ১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জেপি। ওই বৈঠকে আনোয়ার হোসেন মঞ্জু সাংবিধানিক ধারা রক্ষার পক্ষে তার দলের অবস্থানের কথা তুলে ধরে বলেন, “জাতীয় পার্টি সাংবিধানিক ধারার পক্ষে ছিল। এখনো আছে। আমরা চাই সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক। সাংবিধানিক ধারায় নির্বাচন হলে, আমরা নির্বাচনের পক্ষে।”
এক প্রশ্নের জবাবে বিগত আওয়ামী লীগ সরকারের এই যোগাযোগ মন্ত্রী বলেন, “১৪দল বা এর ভেতরের অন্য কোন দল যদি নির্বাচনে অংশ না নেয় তারপরও নির্বাচন হবে।”
জেপি মহাজোটের সঙ্গে, না আলাদাভাবে নির্বাচন করবে জানতে চাইলে আনোয়ার হোসেন মঞ্জু সরাসরি উত্তর না দিয়ে বলেন, “১৪ দল বা মহাজোটের সঙ্গে থাকা দলগুলোর মধ্যে অনেক বিষয়ে দ্বিমত আছে। আলাদা ম্যানিফেস্টো আছে। কিন্তু এক জায়গায় তারা একমত। সেটা হচ্ছে সংবিধানের ধারা বজায় রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই।”
‘বিএনপি না আসলেও নির্বাচন ক্রেডিবল হবে’
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের সঙ্গে জেপির মতবিনিময়ের পর ক্ষমতাসীন দলের নেতা মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন ‘ক্রেডিবল’ হবে। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেয় তাহলে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না?”
১৪ দল ও জেপি ‘একসঙ্গে’ আছে উল্লেখ করে নাসিম বলেন, “যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি।… যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সাংবিধানিকভাবেই হবে। এখানে কোনো আপস নেই।”
জেপিকে মহাজোটের অন্তর্ভুক্ত করা হলো কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “মহাজোটের ধারাবাহিতা ঐক্যবদ্ধ আছে।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় এই ঐকমত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন বানচালে কেউ চেষ্টা করলে সেটা প্রতিহত করা আমাদের দায়িত্ব।”
অন্যদের মধ্যে জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের শিরীন আক্তার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম এ বৈঠকে অংশ নেন।”
