২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্যদিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 07:43 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ফাতেহা পাঠ, কোরানখানি এবং গণভোজেরও আয়োজন ছিল।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিনটি পালনোপলক্ষে জেলা বিএনপি মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছিল।

দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জেলা সাধারণ সম্পাদক সামছুল আলম তোফা প্রমুখ বক্তৃতা করেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ফাতেহা পাঠ পর্বে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু ও পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি।