দেশব্যাপী সাংগঠনিক কাঠামো দাঁড় করাচ্ছে গণজাগরণ মঞ্চ
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী গণজাগরণ মঞ্চের কার্যক্রমকে শক্তিশালী করতে সাংগঠনিক কাঠামো দাঁড় করানো হচ্ছে।
বৃহস্পতিবার শাহবাগে ‘গণজাগরণ মঞ্চের ভবিষ্যত কর্মপন্থা’ শীর্ষক মুক্ত আলোচনায় এই ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “সাংগঠনিক কাঠামো তৈরির কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে ৪০টি জেলায় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন করা হয়েছে। অন্যান্য জেলাগুলোতেও খুব শিগগির প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হবে।”
এ লক্ষ্যে খুব দ্রুত আর্থিক তহবিল সংগ্রহের কাজ শুরু এবং মঞ্চের নানা কার্যক্রম পরিচালনার জন্য শাহবাগে একটা কার্যালয় নেয়া হবে বলেও জানান ইমরান।
মঞ্চের পরবর্তী কর্মসূচির বিষয়ে তিনি বলেন, এবারের বিজয় দিবস ভিন্নভাবে উদযাপনের জন্য ১৬ ডিসেম্বর দেশব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ‘বিজয় ১৩’ নামে এ কর্মসূচি পালন করা হবে।
এ লক্ষ্যে জাতীয় কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হবে। ১৬ ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে দেশ ও বিদেশে একসঙ্গে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে।
