২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি গ্রহণ করলেই কেবল পদ শূন্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মন্ত্রিসভার সদস্যরা পত্র দিয়ে কেবল পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করেছেন; রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করলে তবেই তা কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2013, 12:59 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

পুরনো খবর:

পদত্যাগপত্র দেয়া সংবিধান মেনেই: সুরঞ্জিত
মন্ত্রীদের পদ এখন শূন্য: রিজভী
‘এটা পদত্যাগপত্রই নয়, আনুষ্ঠানিকতা মাত্র’
বিতর্ক না করে আদালতে যাওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর

নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর হাতে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়া নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে এই প্রথম সরকার প্রধানের প্রতিক্রিয়া এলো।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেই পদত্যাগ বলে বিবেচিত হয় না। এখানে রাষ্ট্রপতির একটা ভূমিকা আছে।

“রাষ্ট্রপতি যতোক্ষণ পদত্যাগপত্র গ্রহণ না করবেন, ততোক্ষণ তারা (মন্ত্রীরা) স্বপদে বহাল থাকবেন।”

মন্ত্রিসভার সব সদস্য গত সোমবার প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন, যার মধ্য দিয়ে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনে মন্ত্রিসভার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়।

তবে বিএনপিসহ কয়েকটি মহল থেকে দাবি করা হয়, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র দেয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রীদের পদ শূন্য হয়ে গেছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকে সংবিধান ‘ভালো করে না পড়েই, না বুঝেই’ মন্তব্য করছেন।

মন্ত্রীদের পদত্যাগ নিয়ে বক্তব্যের সমর্থনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংসদ পদ থেকে তানজিম আহমেদ সোহেল তাজের দৃষ্টান্ত তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “সোহেল তাজ পদত্যাগপত্র দিয়েছিলেন। আমি যতোদিন গ্রহণ করিনি ততোদিন তিনি পদে বহাল ছিলেন।”

নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “হ্যাঁ, এটা ঠিক যে মন্ত্রিসভা ছোট হবে। প্রধানমন্ত্রীর এখতিয়ার আছে, কাউকে মন্ত্রিসভায় রাখতে পারে; বাদও দিতে পারে।”

শেখ হাসিনা বলেন, কাকে রাখবেন, কাকে বাদ দিবেন সে বিষয়ে প্রধানমন্ত্রী হিসাবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেবেন। রাষ্ট্রপতি ওই পদত্যাগপত্র গ্রহণ করলেই তা পদত্যাগ বিবেচিত হবে।

সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে সুষ্ঠুভাবে কোনো নির্বাচন হয়নি। মানুষ আর কতোদিন এই অগণতান্ত্রিক ধারা দেখবে?”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার আর কোনো ‘অগণতান্ত্রিক শক্তিকে’ আবার ক্ষমতায় আসার সুযোগ দিতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে সমালোচকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কিছু লোক থাকে, যাদের কাজই হলো সমালোচনা করা।

“তবে আমি জানি, আমি সততার সঙ্গে কাজ করছি। মানুষের উন্নয়নের চেষ্টা করছি। তাই সমালোচানকারীদের কথায় কান দিই না।”

 

‘বিজয় একাত্তর’ খুললো

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ‘বিজয় একাত্তর’ হলের উদ্বোধন ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও মাস্টারদা সূর্যসেন হলের মাঝামাঝি এই হলে এক হাজার শিক্ষার্থীর আবসনের ব্যবস্থা করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য শহীদ মুনীর চৌধুরী ভবন, কনিষ্ঠ শিক্ষদের জন্য শহীদ আবুল খায়ের ভবন, হল প্রভোস্টদের জন্য শহীদ এম এ মুক্তাদির ভবন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু টাওয়ার ভবন এবং এমবিএ ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।